করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রামে আরেক চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎসক মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত চিকিৎসকের নাম সাদেকুর রহমান (৬৫)। তিনি চট্টগ্রাম জেনিসন রেডক্রিসেন্ট হাসপাতালের আলট্রাসনোলজিস্ট ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র সাদেকুর ছাত্ররাজনীতিতেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি প্রার্থী হন। চিকিৎসা পেশায় আসার পর তিনি বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেন। সর্বশেষ তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, কোভিড রোগে সাদেকুর রহমান মারা যান। তাঁর চিকিৎসক ছেলেও কোভিড রোগে আক্রান্ত। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত অমায়িক ছিলেন।
চট্টগ্রামে কোভিড রোগে এ পর্যন্ত তিন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও দুই চিকিৎসক মারা যান। এর আগে সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরিফ হাসান নামে ৪৬ বছর বয়সী একজন চিকিৎসক। এই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন। চট্টগ্রাম নগরের আবেদীন কলোনিতে তিনি বসবাস করতেন।