করোনায় ১২ দেশে ২৬৩ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও কানাডায় অন্তত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। এঁদের মধ্যে ১০ জন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, একজন করে কানাডার টরন্টো এবং কেনিয়ার নাইরোবিতে মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৭ জন বাংলাদেশি মারা গেছেন। এঁদের মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৫২ জন। আর কানাডায় এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ছিলেন টরন্টোর বাসিন্দা।
আজ রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, ইতালি, স্পেন, কাতার, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়া—এই ১২ দেশে ২৬৩ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।
বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় ও বাংলাদেশ মিশনে যোগাযোগ করে এ তথ্য পাওয়া গেছে।
আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর ফেসবুকে করোনাভাইরাসের সংক্রমণে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশি তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যুর খবর জানান।
শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, ‘কেনিয়ার নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে থাকা ৬৫ বছর বয়সের একজন বাংলাদেশি নাগরিক গতকাল সেখানকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। মার্চের শেষে তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। পরিবারের অনুমতিক্রমে মরদেহ সেখানেই দাফন করা হবে আজকে।’