করোনা, আগুন, সুদহার: সুসংবাদ নেই কোথাও

এ বছরটা বেশ আনন্দের ঘটা করাই শুরু করেছিলাম আমরা সবাই। কিন্তু বছর শুরু না হতেই একের পর এক দুঃসংবাদ যেন আমাদের আঁকড়ে ধরে আছে।
বছর শুরু হয়েই কিছুদিন না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। সেটা নিয়ে আন্দোলনের পর গ্রেপ্তার হন একজন। কয়দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে খুব আলোচনা-সমালোচনা হলেও কিছুদিন পর স্বাভাবিকভাবেই তা থেমে যায়।
জানুয়ারির মাঝামাঝি এসে দেখা যায় শেয়ার বাজারে ব্যাপক দরপতন। দরপতনের হার গত ৫ বছরে হয় সর্বাধিক আর সূচক চলে যায় সর্বনিম্নে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রকার ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়নি। ঢাকা বাসীকে মশার যন্ত্রণা দিয়ে আসে দুই সিটিতে নির্বাচন, যা ছিল আমাদের মতো মধ্যবিত্ত নগরবাসীর সঙ্গে এক প্রকার প্রতারণা। সেই প্রতারণার সাক্ষী দক্ষিণ সিটিতে ২৯ শতাংশ, উত্তরে ২৫.৩ শতাংশ ভোট পড়ে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে যখন নরসিংদী যুব মহিলা লীগের শামীমা নূর পাপিয়া গ্রেপ্তারের খবর পত্র পত্রিকাতে দেখলাম। বুঝলাম সর্ষের ভেতরেই এত বড় একটা ভূত লুকিয়ে ছিলে। সমাজের এ রকম হাজারো বিষফোড়া লুকিয়ে থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গলা টিপে হত্যা করছে।
এরপরই দিলু রোডের ভয়াবহ আগুনে তিনজন অঙ্গার হওয়ার ক্ষত না শুকাতেই আমাদের শুনতে হয় মার্চে এসে রূপনগর আবাসিক এলাকার বস্তিতে আগুন। কান্নায় ভারী হতে থাকে আমাদের চারপাশ। পাল্টাপাল্টি অভিযোগ, সত্য মিথ্যার জাঁতাকলে আমরা পিষ্ট।
মধ্যবিত্তের পেটে লাথি মেরে সঞ্চয় পত্রের সুদের হার অর্ধেক করার ঘোষণা হলো। ব্যাংক থেকে হাজারো কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল, একের পর এক পোশাক কারখানা বন্ধের খবর মিলল, অথচ আমরা নির্বিকার। আমাদের এই দুঃসংবাদগুলো দেখা আর শোনা ছাড়া যেন কোনো উপায়ই নেই। তবে সমালোচনার পর সঞ্চয় পত্রের সুদের হার অর্ধেক করার ঘোষণা থেকে সরে আসে সরকার। এটা এক ক্ষেত্রে সুসংবাদই।
এখন করোনা ভাইরাস আতঙ্কে পুরো জাতি। আমাদের প্রস্তুতি পর্যাপ্ত না, আমাদের মনে ভয় থাকলেও একদিন কাজ না করলে এ দেশে অনেক মানুষের পেটে খাবার যায় না, সেখানে বাড়ির ভেতর বসে থাকা আমাদের জন্য বিলাসিতা।
ব্যবসায়ীরা সুযোগের সন্ধান করেন। করোনার এই যুগে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আমরা মধ্যবিত্তরা পড়েছি শাখের করাতের ওপরে, যে দিকেই যায় না কেন আমরাই রক্তাক্ত হচ্ছি। আমরা এ বছর যেন কোনো সুসংবাদ পাচ্ছি না। সুসংবাদের আশা করতেও এখন ভয় পাই। সুসংবাদ না পেলেও দুঃসংবাদের অন্তর জ্বলা থেকে আমরা মুক্তি চাই। সেই মুক্তি কি আদৌ হবে?
*লেখক: শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।