করোনা, আনন্দ শিগগির ফিরিয়ে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ঘরবন্দী শহরের মানুষ ফিরতে চান গ্রামের মেঠোপথে। ফাইল ছবি
ঘরবন্দী শহরের মানুষ ফিরতে চান গ্রামের মেঠোপথে। ফাইল ছবি

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পৃথিবী। করোনা থেকে মুক্ত থাকার জন্য গৃহে বসবাসসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার কারণে অতি জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসী বের হচ্ছেন না। অফিস বন্ধ হয়ে যাওয়ায় একপ্রকার গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন আমাদের মতো অনেকেই।

ইটপাথরের দালানকোঠায় আবদ্ধ শহুরে জীবনে সবাই–ই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশে ফিরতে চান। করোনা–কালের অবসর সময়ে পুরোনো স্মৃতিচারণা ও গ্রামীণ পরিবেশে বড় হওয়া মানুষজনের যেন কর্ম বন্ধ হওয়ার উপক্রম। করোনা–কালের পূর্বে শহরে শত কাজের ব্যস্ততার মধ্যেও অবসরে ঘোরাফেরার ভেতর দিয়ে প্রাণচঞ্চল থাকার সুযোগ হতো। বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘোরাফেরার মাধ্যমে হাসিখুশি থাকার রসদ পাওয়া যেত। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া সম্ভব হতো। দীর্ঘদিন ঘরে থেকে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কর্মহীন হয়ে থাকায় আর্থিক বিষয়ে দুর্ভাবনা তো আছেই।

গত ২৬ মার্চ ছুটি ঘোষণার পর দলবেঁধে বহু মানুষ গ্রামে গেছেন। কিন্তু যেতে পারিনি বাড়িতে থাকা মা-বাবা ও অন্যদের কথা ভেবে। গাড়ি ও লঞ্চে যে পরিস্থিতি হয়েছিল, তাতে করোনার সংক্রমণের ঝুঁকি ছিল অনেক। সচেতন অনেকে সেদিন বাড়ি না গিয়ে শহুরে বন্দিজীবনকেই বরণ করেছেন। বন্দিজীবনে মন বারবার বলছে, ‘একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়’।

আমাদের শহরে কঠিন সময় কেটেছে, এখনো কাটছে। বাজার করা ছাড়া বের হই না। পরিবারের ছোট শিশুরা লাগাতার বাসায় বন্দিজীবনে মানসিকভাবে ভেঙে পড়লেও তাদের বাসা ও মাঝেমধ্যে ছাদে গিয়ে হাসিখুশি রাখার চেষ্টা করছেন মা-বাবা।

মা-বাবা বারবার ফোন করে বলেন, চলে আয়। বাবাকে সার্বিক পরিস্থিতি বোঝানো গেলেও মাকে বোঝানো সম্ভব হয় না। মায়ের একটাই কথা, তোরা বাড়িতে চলে আয়, তোরা চলে এলে ভালো লাগবে। আমার চিন্তাও দূর হবে।

মা, কীভাবে বোঝাব, নিজের মনই তো মানে না, ছুটে যেতে চায় মায়ের কোলে। গাঁয়ের কাচা ও কতেক পিচঢালা, কংক্রিটের পথ ধরে হেঁটে প্রাণ ভরে নিশ্বাস নিতে ইচ্ছা করে। পাকা ফলফলাদি নিজ হাতে পেড়ে খেতে ইচ্ছা করে।

করোনার মধ্যেই পবিত্র রমজান শেষে নীরবেই চলে গেল ঈদ। মায়ের হাতে সেমাই খেতে পারিনি। পারিনি বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করতে। বুক ফেটে কান্না এলেও মায়ের সঙ্গে কথা বলার সময় তা বুঝতে দিইনি। না আসতে পারার কারণ ও বাস্তবতা মাকেও বুঝিয়েছি। নাড়িছেঁড়া ধনকে দূরে রেখে মায়েরও যে ঈদের আনন্দ পাওয়া হবে না, তা ভালোই বুঝতে পারি।

দুই মাস পরই আসছে পবিত্র ঈদুল আজহা। বাড়িতে থেকে কোরবানির পশু কেনা, দুই দিন বাড়িতে লালন–পালন করা। নামাজ পড়ে এসে প্রতিবেশীসহ আনন্দঘন পরিবেশে কোরবানির পশু জবাই, বন্ধুদের বাড়িতে গিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আড্ডা কি আবার দিতে পারব? ভাবতেও পারছি না।

করোনা, তুমি ঈদুল আজহার আগেই আমাদের মুক্তি দাও। আমরা গ্রামে মা-বাবার সঙ্গে ঈদ করতে চাই। গ্রামের খোলা হাওয়া গায়ে মাখতে চাই। খেলার মাঠে কিংবা রাস্তার এক পাশে বসে সবাই মিলে গাইতে চাই, ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই’। গাইতে চাই প্রিয়ার ভালোবাসাবঞ্চিত হয়ে বন্ধুদের নিয়ে কৈশোরে গাওয়া ‘কখনো ভালোবাসোনি করেছ শুধু অভিনয়, জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়’। প্লিজ করোনা, আমাদের আনন্দঘন সময়গুলো শিগগিরই ফিরিয়ে দাও। মানুষের মধ্যে যে আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে, এর থেকে সবাইকে মুক্তি দাও।

*লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)। [email protected]