করোনা আমাদের জন্য শিক্ষাও বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে স্তম্ভিত হয়ে গেছে পুরো বিশ্ব। আমাদের বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বরং প্রতিনিয়ত বেড়েই চলছে করোনার প্রকোপ। শুধু ভয়াবহতা ও সংকট নয়, করোনা আমাদেরকে শিখিয়েও দিয়েছে অনেক কিছু এবং ফুটিয়ে তুলেছে দুর্যোগ মোকাবেলায় আমাদের শক্তি-সামর্থ্য।

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৬০ লাখের বেশি। মারা গেছেন সাড়ে তিন লাখেরও বেশি মানুষ। আরও অগণিত জানমাল ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে। যা বিশ্বকে অনেকখানি পিছিয়ে দিবে। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, বরং প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী-দেশে বর্তমানে করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারের অধিক, মৃত্যুর সংখ্যাও ৭০০ ছাড়িয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর পাওয়া গেলেও টেস্টের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত বেড়েছে এর সংখ্যা এবং গত দুই সপ্তাহে তা রূপ নিয়েছে আরও ভয়াবহতায়।

করোনা ভাইরাসের ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ফুটে ওঠেছে। আমাদের প্রথমেই মনোযোগ দিতে হবে জরুরি চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত রাখার দিকে। যেন আগামীতেও এমন মহামারী হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি থাকে।

করোনা ভাইরাস আমাদেরকে আরও একটি বড় আকারের শিক্ষা দিয়ে গেল যা হচ্ছে জনসচেতনতা। আমাদের এখানে কোয়ারেন্টিন, সেলফ কোয়ারেন্টিন, লকডাউন এ ধরণের কোনো বিষয় জনসাধারণের বিপুল অংশের মধ্যে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়েছে। সামাজিক এ বিষয়গুলো সম্পর্কে ছোট কাল থেকেই পৌরনীতির মত শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। তাছাড়াও সাইকোলজিক্যাল সেশন এবং বিভিন্ন প্রকার সচেতনতা প্রোগ্রাম করার মাধ্যমে এ ধরণের শিক্ষা দেওয়া খুবই জরুরি। এ ব্যাপারে মহামারীর পরবর্তী সময়ে সরকারকে ব্যাপক পরিকল্পনা নিতে হবে। সে সাথে সামাজিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মানুষের পরিস্কার-পরিচ্ছন্ন থাকার শিক্ষা পাওয়াও প্রয়োজন বলে করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে।

সর্বোপরি আমাদের দেশকে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করতে হলে সরকারকে এসব বিষয় আমলে নিয়ে কাজ করতে হবে। মেডিকেল সেবায় ব্যাপক বিনিয়োগ, যন্ত্রপাতি আমদানি এবং সে যন্ত্রপাতি পরিচালনার ডাক্তার নার্সসহ এ দক্ষ জনবলকে তৈরি হওয়ার এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যা আমাদের পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবে। তাই বলা যায়- করোনা আমাদের জন্য শুধু একটি সংকট নয়, বড় ধরনের শিক্ষাও বটে।

*শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]