করোনা: আমি কি অন্যর কথা শুনছি

১৯ মার্চ সন্ধ্যার ঠিক আগে হঠাৎ গুঞ্জন উঠল, মিরপুর ২–এর দিকে একজন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। একটা ভালো পরামর্শ হয়তো ছড়িয়ে পড়তে সময় লাগে কিন্তু এই ধরনের গুঞ্জন বাতাসের বেগে ছড়ায়। এখন অবস্থা এমন যে বাতাসেরও আগে করোনায় আক্রান্ত রোগীর খবর পৌঁছে যাচ্ছে কান থেকে কানে। সেই খবর সত্য নাকি ভুয়া, তা যাচাই করাও কঠিন। যাছাই কেউ করছে না।
গুঞ্জনটা কানে আসতেই ভাবলাম বাড়ি চলে যাই। যাহোক, সন্ধ্যার পরই মিরপুর ছেড়ে চলে এলাম সাভারে, আমার বাড়িতে। ঠিক সাভারে নয় অবশ্য; সাভার আর গাজীপুর সিটি করপোরেশনের এমন এক জায়গায়, যা সাভার ও গাজীপুর দুই ঠিকানাতেই অবস্থিত!
মিরপুর থেকে যে ভয় নিয়ে বাড়ি এলাম, বাড়িতে সেই ভয়ের ছিটেফোঁটাও নেই। রাস্তাঘাটে মানুষের ভিড় লেগেই আছে। চায়ের দোকানেও লোকসমাগম কম মনে হলো না। লোকজন ভিড় করে আলোচনা করছে ভিড় এড়ানো কেন জরুরি! সারা দেশের অবস্থায় মনে হয় এই রকম। খবরে দেখলাম, কোথায় যেন এক অস্ট্রেলিয়াপ্রবাসীর স্বেচ্ছা কোয়ারেন্টিনে দেখতে ভিড় করেছে তাঁর এলাকার লোকজন। হয়তো ভাবছেন, দেখি কোয়ারেন্টিন আবার কী জিনিস!
অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে যাচ্ছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখা এই সময়ে কত বেশি জরুরি। করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। সুতরাং মানুষ যদি আপাতত মানুষের সংশ্রব কমিয়ে দেয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর ঝুঁকিও কমে যাবে। এই সহজ-সরল ও সত্য কথাটা মানুষ কেনো বোঝে না কে জানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সেলিব্রিটি সমাজ ও ইমামরা যদি উদ্যোগ নেন, তাহলে বহুসংখ্যক মানুষকে বিষয়টি বোঝানো সম্ভব।
আমরা যদি এই মুহূর্তে বিশেষজ্ঞদের কথা না শুনি, পরিস্থিতি এ রকম হতে পারে যে আমাদের কথা শোনার মতো কেউ বাকি থাকবে না। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের হার এখনো নাকি আশঙ্কাজাগানিয়া নয়। এ ছাড়া সুস্থ হয়ে ওঠার হারও অনেক বেশি; এই কারণে অনেকে ভেবে নিয়েছেন দিন কয়েক গেলেই সব ঠিক হয়ে যাবে। অথচ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ এক সমীক্ষার পর বলেছে, তারা করোনাভাইরাস ঠেকানোর পথ ও পদ্ধতির যুগান্তকারী পরিবর্তন না এলে শুধু যুক্তরাষ্ট্রেই অনেক মানুষের মৃত্যু হতে পারে। ইরান থেকেও এসেছে প্রায় এ রকম একটা খবর।
মনেপ্রাণে চাই এ রকম কিছু না হোক কিন্তু যদি হয়, তাহলে নিশ্চিতভাবেই মানবসভ্যতার ইতিহাস ভাগ হয়ে যাবে দুই ভাগে করোনা-উত্তর ও করোনা-পূর্ব। তারপরও আমাদের টনক নড়বে না?
আমাদের শতধা বিভক্ত শিক্ষাব্যবস্থা আমাদের মন ও মননে এত বেশি বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে যে আমাদের পক্ষে সত্যিই সেই দেয়াল ভেঙে ঐকমত্যে পৌঁছানো কঠিন। এ কথা স্বীকার না করে উপায় নেই। কিন্তু এখন যে দুর্যোগের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার আগে কি অন্তত একমত হওয়া যায় না?
এখনো সময় আছে। এখনই আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে। আমরা যদি তাঁদের কথা না শুনি, তাহলে এমন সময়ও এই পৃথিবীতে এবার নেমে আসতে পারে, যখন আমাদের কথা শোনার মতো কেউ থাকবে না।
*লেখক: সাহিত্যকর্মী