করোনা, উহান থেকে আনোয়ারায়

করোনাভাইরাস দুনিয়া কাঁপানো নাম, মানবজাতিকে ঘরবন্দী করে রাখা শব্দ। পুরো দুনিয়াকে লকডাউন করে দেওয়া এই করোনা সেই চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে পৃথিবীর প্রায় ২০০ দেশে ছড়িয়ে পড়ে। ধনী–গরিব সব মানুষের করুণ অবস্থা এখন। করোনা এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে বিস্তার করতে করতে নতুন বাংলা সনের নব বৈশাখের ২ তারিখ (১৫ এপ্রিল) করোনা হানা দিয়েছে আমাদের আনোয়ারা উপজেলায়।
বুধবার রাত ১০টার পর থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে ভেসে বেড়াচ্ছে আনোয়ারায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর। এই খবর শেয়ারের স্ট্যাটাসে সবাই অন্যকে ঘরে থাকার, সাবধানে থাকার, ভালো থাকার, ভালো রাখার পরামর্শ বাক্যও জুড়িয়ে দিচ্ছেন। এত সাবধান, এত আড়ালে থাকা, আবদ্ধে থাকা, তারপরও মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এই করোনাভাইরাস আমাদের উপজেলায় পৌঁছে গেল! হতাশ হয়ে উঠি। তারপরও এই হতাশাকে বেশিক্ষণ জায়গা দিই না মনে। মন তো দুর্বল করা যাবে না। নিজের, পরিবারের ও প্রতিবেশীর মনকে সবল রাখার কাজই করতে হবে অনবরত। করোনাকে পদদলিত করতে না পারলেও মনদলিত করতে চাই মাঝেমধ্যে।

দিনের পর দিন ঘরবন্দী থেকেও কোনো সুখবর পাচ্ছি না, কোনো দেশ থেকে কোনো শহর থেকে। ঘুম থেকে জেগে প্রতিটা সকালই মনে হয় করোনামুক্ত সকাল। কিন্তু দিনের সময় কিছুটা গড়াতে গড়াতে টের পাই করোনায় আবদ্ধ জীবন চলছে আমার, শিশুদের ও সারা পৃথিবীর মানুষের। সব দুর্যোগের শেষ সময়টা বিশেষজ্ঞরা আগাম বলতে পারেন অথচ এই করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির দিন কবে নাগাদ শেষ হতে পারে, তার কোনো সম্ভাবনার কথা এখনো শোনাতে পারছে না পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো বিশ্বনেতা। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। পৃথিবীর ৭০০ কোটি মানুষের জীবন আজ যুদ্ধ করছে এক ভাইরাসের সঙ্গে। ডাক্তার, নার্সরা সম্মুখযুদ্ধে। সঙ্গে পুলিশ, সেনা, প্রশাসনের কর্মকর্তারাও যুদ্ধের মাঠে। শিশুরা স্কুল ছেড়ে, খেলার মাঠ ছেড়ে ঘরবন্দী থেকে নিজেদের অজান্তেই যুদ্ধ করছে করোনা থেকে বাঁচতে। সাধারণ মানুষ সব কোলাহল ছেড়ে অনেকগুলো দিন বাইরে যায় না! এর মধ্যেও কার জীবন কখন থেমে যায় করোনার থাবায়, বলা যায় না। তারপরও বেঁচে থাকব ইনশা আল্লাহ, এই আশায় প্রতিটা দিন যাচ্ছে। করোনাকাল কেটে যাবে একদিন, স্মৃতি হয়ে যায় এই ঘরবন্দী দিনগুলো—এমন প্রত্যাশায় যাচ্ছে। করোনাকাল কেটে গেলে আবার শুরু হবে জীবিকাযুদ্ধ। বৈশ্বিক মহামারি কেটে গেলে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসবেই পৃথিবীতে; সেটা হালকা বা তীব্র। অনাগত সেই মন্দা মোকাবিলায় এখন থেকেই বিভিন্ন দেশের সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সরকারগুলোর পাশাপাশি ব্যক্তিপর্যায়েও যুদ্ধ করতে হবে মন্দা মোকাবিলায়, সেটা নিশ্চিত। মানে করোনা–যুদ্ধের পর অর্থনৈতিক–যুদ্ধে যেতে হবে আমাদের।

এখন শুধু প্রার্থনা, যত দ্রুত শেষ হবে এই করোনাকাল। ঘরের ছাদে হাতলচেয়ারে বসে ছাদবাগানের সবুজ উদ্ভিদগুলোর দিকে তাকালে মনে, ওরা কত সুন্দর জীবনযাপন করছে এই সময়ে। শুধু আমাদের ছাদবাগানে নয়, বিশ্বের নানা দেশের নানা প্রান্তে মানুষের সহযোগিতায় সবুজ উদ্ভিদগুলো যাপন করছে দারুণ জীবন। সেই মানুষ নিশ্চয়ই অদৃশ্য ভাইরাস করোনাকেও হারিয়ে দেবে একদিন। আবারও মুখরিত হয়ে উঠবে শহর-বন্দর থেকে পাড়ার চায়ের দোকানের আড্ডা। আবার স্কুলের মাঠভর্তি শিশুরা সারি সারি দাঁড়িয়ে গাইবে জাতীয় সংগীত। প্রার্থনালয়ে যত মানুষের ইচ্ছা হয়, যাবে। কোনো বাধা থাকবে না। নব সাজে সেজে ওঠা কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য দেখতে আবারও ছুটে যাবে ভ্রমণপিপাসু মানুষ। বন্দিজীবন থেকে মুক্ত হয়ে যার যেদিকে খুশি ছুটবে মনের মতো।
লেখক: প্রাবন্ধিক