করোনা কাল-সেকাল একাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

হোয়াটসঅ্যাপ এ শুকনো মেসেজ...শুভ জন্মদিন। এই, আর কিছু নয়। অন্য সময় হলে হয়তো বাক্সের ভেতর একটা চমক সঙ্গে একগুচ্ছ দোলনচাঁপা আর খাবার দোকানে হাজারখানেকের বিল। করোনা আমাদের কত করুণা করল, অকৃতজ্ঞ মানুষ তার হিসাবও রাখল না। শুধু বড় করে দেখল কী পেল না আর কোন দল কত প্রণোদনা পেল। কিন্তু যা পেল, তার হিসাব কয়জনই–বা করল। কাছের মানুষগুলো এত দিন আষ্টেপৃষ্ঠে রইল তার কোনো দামই নেই।

রোজকার বাস ভাড়া, রিকশা ভাড়া নেই, কাজের লোক, স্কুল কলেজ, টিউশন মাস্টারের বেতন নেই। কাপড়চোপড়, জামা–জুতার খরচ নেই। এমনকি কাপড় আয়রন করার খরচটাও বেঁচে যাচ্ছে। বিয়েশাদি, জন্মদিন, মুখেভাতের নেমন্তন্ন নেই। তাই উপহার কেনার দায়ও নেই। মেকআপ, পারলার সাজগোজের বাহার নেই। ফেসবুকে দিতে হবে বলে বাইরে খেতে যাওয়ার কোনো কায়দা নেই। নেই লোক দেখানো ঢালাঢালি। নেই সিনেমা হলের হাউসফুল লেখা বোর্ড বা পপকর্ন আর ঠান্ডা গরম পানীয়র বিল। ট্রেন বাসের টিকিট ফোরানোর তাড়া বা আগে এলে আগে পাবেন বার্তাও নেই।
দপ্তরের কাজ হচ্ছে সে এক অপার্থিব যোগাযোগে, চা–বিস্কুটের খরচ যার যার তার তার। নয়টা–পাঁচটা অফিসের এসে দাঁড়িয়ে থাকে না দোরগোড়ায়। এসি ফ্যান আলো লিফট বন্ধ, বায়ুদূষণের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে বসুন্ধরা। ডলফিন তিমিরা সব খেলতে খেলতে পাড়ার ঘাটে চলে আসছে। পদ্মায় ঘুরতে এসে জেলের জালে আটকে যাচ্ছে ৩৭ কেজির বাগাড় আর কাতল।
নদীর জল সাদা, নীল, সবুজ যা–ই হোক, কালো কোনোভাবেই নয়। রাস্তাঘাট ড্রেন ডাস্টবিন সব পরিষ্কার। গাছগুলো যেন গ্রামের সেই নদীতে ঝাঁপানো ন্যাংটো ছেলেপেলের দল,তার গায়ে জমে নেই গাড়ির ধুলো। কাপড়ের তারে কাপড়ের সঙ্গে দোল খাচ্ছে চড়াই, শালিক আর দোয়েল। চিড়িয়াখানার পশুরাও গরাদের মাঝে খুঁজে পাচ্ছে বেঁচে থাকার অন্য রকম মানে। রমনা উদ্যানের হাঁটাপথে সকাল–বিকেল ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপওয়ালাদের স্থান দখল করেছে সেখানকার পাখিরা।
যারা কখনো শিল্পী হওয়ার স্বপ্নও দেখেনি, তারাই আজ ঘরে বসে শোনাচ্ছে গান। আর আমাদের টিকিট কাটার খরচও বেঁচে যাচ্ছে। নেটফ্লিক্স আর আমাজন প্রাইমের সৌজন্যে সিনেমা আর ওয়েব সিরিজের প্রেমিয়ার দেখছি গরম গরম। আর কি চাই জীবনে। শুধু কিছু মানুষের খাবার চিন্তা না থাকলে করোনা কিন্তু মন্দের ভালো।

লেখক: উন্নয়ন কর্মী