করোনা: ছুটির দিনে নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকা। ছবি: লেখক
ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকা। ছবি: লেখক

করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান আগেই বন্ধ। আর সংক্রমণের ভয়ে লোকজন বের হচ্ছেন না। এই কি আমার চেনা ঢাকা। চেনা রাজপথ! হাজারো মানুষের শরীরের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায় রাজধানীর নীলক্ষেতের সরু ফুটপাতের গায়ে গা লেগে। ছুটির দিনের চিত্র যেন আরও ভয়াবহ। মোবাইল, মানিব্যাগ কিংবা এইমাত্র কেনা নতুন বইখানি, কোনটা রেখে কোনটা সামলিয়ে রাখব তা বুঝে উঠতে পারি না, তার আগেই জনাদশেক পথিকের ধাক্কা লাগে। পা ফেলার জায়গাটুকু থাকে না। অথচ সেই নীলক্ষেতও আজ বড্ড ফাঁকা জনারণ্যহীন এক ধু ধু প্রান্তর।


পৃথিবী অবাক তাকিয়ে রয়। গোটা পৃথিবীর যেন আজ একটাই ছাদ। এ কোন দেশ, কোনো শহর?

অসহায় রিকশাওয়ালাদের টুংটাং বেলের শব্দ কানে ভেসে আসতেই মনে হলো যেন মফস্বলের শান্ত কোনো পাড়ার চেনা সুর। কমবেশি সবারই মুখে মাস্ক নামক এক প্রতিরক্ষাকবচ। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। করোনার ভয়ংকর থাবায় মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল। কবে ফিরে পাব আবার সেই জমজমাট আমার প্রিয় শহরটাকে?

রাজু ভাস্কর্য এলাকা দেখা মেলে দু–একটি রিকশার। ছবি: লেখক
রাজু ভাস্কর্য এলাকা দেখা মেলে দু–একটি রিকশার। ছবি: লেখক

টিএসসি মানেই যেন রঙের মেলা। তারুণ্যের এক জমকালো হাট। কিন্তু হায়! সেখানেও যেন আজ বিষাদে ভর করা এক অভিমান নেমে এসেছে করোনার মতো বিপথগামী এক ভাইরাস হয়ে, যার একটুখানি ছোঁয়ায় জীবন হতে পারে বিপন্ন। তাই ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে ছুটি, তাদের নিরাপত্তার স্বার্থেই। পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে ফাঁকা এক পরিবেশ। মল চত্বর, হাকিম চত্বর, রোকেয়া হল, সবখানে সুনসান নীরবতা।

নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথটিতে নেই কোনো ভিড়। ছবি: লেখক
নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথটিতে নেই কোনো ভিড়। ছবি: লেখক

এমন থমথমে পরিবেশ, এমন নিস্তব্ধতা জানি কারও ভালো লাগে না। আর সেটা যদি হয় তারুণ্যের উচ্ছলতা ভরা প্রাঙ্গণ তবে তো কথাই নেই। কিন্তু এই নীরবতাই এখন আমাদের ভালো থাকার একমাত্র পথ। আমরা নিজেরা নিজেদের যতটা পারি একা করে রাখব, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশী, এমনকি পরিবারের মানুষ থেকেও কিছুটা দূরত্ব বজায় রেখে চলব। সাবান অথবা লিকুইড হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধোব। চোখ, নাক, মুখে হাত লাগাব না। বিদেশ থেকে কেউ এলে তাকে একটা একলা ঘরে নিজের মতো করে অন্তত ১৪ দিন একা রাখব। এতে শুধু তার নিজের নয়, পরিবারেরও জীবন থাকবে ঝুঁকিমুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শুধু কয়েকজন দাঁড়িয়ে আছেন। এ ছাড়া পুরো এলাকা ফাঁকা। ছবি: লেখক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শুধু কয়েকজন দাঁড়িয়ে আছেন। এ ছাড়া পুরো এলাকা ফাঁকা। ছবি: লেখক

কাজেই এই করোনাভাইরাসকে আমরা ভয় না করে জয় করব আমাদের সচেতনতা ও সাবধানতা দিয়ে। আসুন আমরা কয়েকটা দিনের জন্য হয়ে যাই একটুখানি অসামাজিক। আবার দেখা হবে রঙের মেলায়, রাখব হাত বন্ধুর কাঁধে। ওপরওয়ালার কাছে এটাই হোক আমাদের একমাত্র চাওয়া। ভালো থাকুক আমার দেশের ১৬ কোটি মানুষ!