করোনা টিকায় এগিয়ে পঞ্চগড়, পিছিয়ে শেরপুর: সিজিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা নিচ্ছেন লোকজন
প্রথম আলো ফাইল ছবি

৪ মার্চ পর্যন্ত প্রতি হাজারে সবচেয়ে বেশি টিকা পেয়েছেন পঞ্চগড়ের মানুষ। উত্তরের শেষ সীমানার এ জেলায় প্রতি হাজারে ৫৮ জন টিকা নিয়েছেন। আর সবচেয়ে পিছিয়ে আছে শেরপুর। এখানে টিকা নিয়েছেন ১০ জনের কম ব্যক্তি। করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প। জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও।

করোনা পরিস্থিতি নিয়ে ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে আজ সোমবার নতুন প্রতিবেদন দিয়েছে তারা।

গবেষণা প্রতিবেদন বলছে, ৪ মার্চ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। এর মধ্যে ৮০৭ জনের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া গেছে। প্রতি এক হাজার জনসংখ্যার বিপরীতে টিকা নেওয়ার দিক থেকে এগিয়ে থাকা জেলার মধ্যে পঞ্চগড়ের পর মৌলভীবাজারের অবস্থান। এ জেলায় হাজারে ৫৭ জন টিকা নিয়েছেন।

এরপর ঢাকায় হাজারে ৫১ ও খুলনায় ৫০ জন টিকা নিয়েছেন। আর পিছিয়ে থাকা জেলার মধ্যে শেরপুরের পর প্রতি হাজারে জামালপুরে টিকা নিয়েছেন ১১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন।

তবে মোট টিকা প্রদানের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা। এখানে ৪ মার্চ পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৮০৫ জনকে টিকা দেওয়া হয়েছে। আর সবচেয়ে পিছিয়ে থাকা মেহেরপুরে ১১ হাজার ৮৪৫ জনকে টিকা দেওয়া হয়েছে। বিশ্বে টিকা প্রদানের দিক থেকে ৬৭তম অবস্থানে বাংলাদেশ। সবচেয়ে এগিয়ে আরব আমিরাত। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ অঞ্চলে সবচেয়ে বেশি টিকা দিয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

দেশে করোনাভাইরাস সংক্রমণের এক বছর আজ। করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২ হাজার ২১২ জন মারা গেছেন দেশে। ১৪ ফেব্রুয়ারির পর করোনার উপসর্গ নিয়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে ২৪ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দুজন মারা যান করোনার উপসর্গে।