করোনা পজিটিভ আইসিডিডিআরবি কর্মকর্তার সংস্পর্শে এসে সংক্রমিত দুই সন্তানও

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব হাসপাতালের হিসাব কর্মকর্তা করোনা ‘পজিটিভ’—এ কথা জানা গেছে ১২ মে। এবার জানা গেল, তাঁর দুই সন্তানও করোনা ‘পজিটিভ’ বলে শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত দুই সন্তানের একজন ওই হিসাব কর্মকর্তার ১৬ বছরের ছেলে ও অপরজন ১০ বছরের কন্যাশিশু। দুজনই বাসায় তাদের বাবার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। তবে ওই কর্মকর্তার স্ত্রী ও শ্যালিকা একই বাসায় থেকেও দুজনই করোনা ‘নেগেটিভ’ হয়েছেন।
আইসিডিডিআরবি চাঁদপুরের মতলব হাসপাতালের ওই হিসাব কর্মকর্তা মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন। তাঁর এক শ্যালিকাও তাঁদের বাসায় থেকে পড়ালেখা করেন।
আরএমও রাজীব কিশোর বণিক বলেন, ১২ মে ওই হিসাব কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন। এরপর গত রোববার (১৭ মে) ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় তাঁর ১৬ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়। গতকাল বুধবার (২০ মে) নমুনা পরীক্ষায় তাঁর ১০ বছরের কন্যাশিশুরও করোনা শনাক্ত হয়। কিন্তু তাঁর স্ত্রীর করোনা নেগেটিভ আসে।
রাজীব কিশোর বণিক বলেন, আজ (বৃহস্পতিবার) সেখান থেকে পাঠানো তাঁর শ্যালিকার নমুনা পরীক্ষার প্রতিবেদনেও করোনা নেগেটিভ পাওয়া যায়। হিসাব কর্মকর্তার সংস্পর্শে এসে তাঁর পরিবারের চার সদস্যের মধ্যে দুজনের করোনা শনাক্ত হওয়া এবং অপর দুজনের করোনা শনাক্ত না হওয়ার বিষয়টি আশ্চর্যজনক বলে মন্তব্য করেন ওই চিকিৎসা কর্মকর্তা।
রাজীব কিশোর বণিক আরও বলেন, করোনায় সংক্রমিত ওই হিসাব কর্মকর্তা ও তাঁর ছেলেমেকে তাঁদের বাসায় একটি আইসোলেশন কক্ষে রাখা হয়েছে। সেখানে মুঠোফোনে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা সুস্থ আছেন। ওই বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউন করে দেওয়া হয়েছে।