করোনা পরীক্ষার সূত্র ধরে ১৮ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকা থেকে ১৮ বছরের পলাতক মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম মহিউদ্দিন। তিনি বিদেশে ফিরে যেতে করোনা পরীক্ষা করিয়েছেন। সেই সূত্রে তাঁর দেশে ফেরার বিষয়টি জানতে পারে র‌্যাব।

১৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন। আজ রোববার তাঁকে নগরের পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানা ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহিউদ্দিন ২০০৩ সালে রায় ঘোষণার পর দুবাইয়ে পালিয়ে যান। গত বছরের অক্টোবরে দেশে ফিরে আসেন। আবার দুবাই চলে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করান মহিউদ্দিন। গতকাল রাতেই তাঁর দুবাইয়ে চলে যাওয়ার কথা ছিল। মহিউদ্দিন চট্টগ্রামের দুধষ ‘শিবির ক্যাডার’ নাছিরের ছোট ভাই।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর বাসায় ঢুকে তাঁকে হত্যা করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। কলেজে শিবির নিষিদ্ধ করাকে কেন্দ্র করে তাঁকে খুন করা হয় বলে আসামিরা জবানবন্দিতে জানান।

২০০৩ সালের জানুয়ারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছরের ৬ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। তাঁরা হলেন নাসির ওরফে গিট্টু নাসির, আজম, আলমগীর ও তছলিম উদ্দিন ওরফে মন্টু। আর মহিউদ্দিনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গিট্টু নাসির ২০০৫ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মারা যান যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছোট সাইফুলও।

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৬ সালের জুলাই মাসে হাইকোর্ট রায় দেন। রায়ে যাবজ্জীবন সাজার আসামি শাহাজাহান ও সাইফুল ওরফে ছোট সাইফুল খালাস পান, অন্যদের সাজা বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ডের তিন আসামির মধ্যে আলমগীর কবির খালাস চেয়ে আপিল বিভাগে আপিল করেন। আর তসলিম উদ্দীন ওরফে মন্টু ও মোহাম্মদ আজম করেন জেল আপিল। ২০২০ সালে আপিল বিভাগ তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।