করোনা: মানবিক সামাজিক বলয় গড়ে তুলুন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আটজনের মৃত্যু হলো। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টায় নয়জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২ লাখ ২৬ হাজার ১০৬। করোনাভাইরাসে আক্রান্ত ১০ লাখ ৯৮ হাজার ৮৮৪ জন। বিশ্বজুড়ে মৃত মানুষের সংখ্যা ৫৮ হাজার ২৪৩। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১৪ হাজার ৬৮১ জন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে করোনাভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর এক দিনে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা আজই সর্বোচ্চ। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপে এক বৈশ্বিক মহামারি ঘটে চলেছে, যা সামাল দিতে বড় বড় উন্নত রাষ্ট্রও হিমশিম খাচ্ছে। আমাদের বিশাল জনগোষ্ঠীর দেশে অপর্যাপ্ত সুবিধা থাকার কারণে আমাদের অবস্থা হবে আরও শোচনীয়। আর সরকার চাইলেও এত জনবহুল রাষ্ট্রে সমান সুযোগ সৃষ্টি করতে পারবেন না। তাই বর্তমান সময়ে কোনো কিছুই বিবেচনা না করে প্রতিটি মানুষের সহযোগিতায় এগিয়ে আসা দরকার।
এখন অফিস-আদালত বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কলকারখানা বন্ধ, গণপরিবহন বন্ধ। তাই দৈনিক আয়ের মানুষগুলো বেকার হয়ে গেছে। নিম্ন–মধ্যবিত্ত পরিবারগুলোও কোথাও সহযোগিতা পাচ্ছে না। আবার শহরের খেটে খাওয়া মানুষগুলো গ্রামে পাড়ি জমিয়েছেন। তাঁরাও কারও কাছে লজ্জায় সহযোগিতা চাইতে পারবেন না। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা যাঁরা টিউশনি করে চলেন, তাঁরাও কার্যত বেকার। এমতাবস্থায় পাড়া-মহল্লায়, গ্রামে গ্রামে একটি মানবিক সামাজিক বলয় গড়ে তোলা দরকার। এ বলয়টি এমন হবে, তাঁরা তদারকি করবেন সরকারি বরাদ্দ উপযুক্ত পরিবার টি পেয়েছেন কি না, সরকারি সুবিধা পৌঁছেছে কি না, বরাদ্দ অপর্যাপ্ত হলে বেসরকারিভাবে নিজেরা ম্যানেজ করে চালিয়ে নেওয়া। সর্বোপরি বিষয়টি এমন হবে যে টিকে থাকার লড়াইয়ে সবাইকে বোঝাতে হবে, আমি তোমার পাশে আছি তুমিও আমার পাশে থেকো। আর সামাজিক এমন একটি চর্চা চালু হলে এটি শুধু বর্তমান সময়ের জন্যই নয়, ভবিষ্যৎ সুন্দর সমাজ তথা রাষ্ট্র পরিচালনায় ও বিনির্মাণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
*লেখক: প্রভাষক, হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ