করোনা মোকাবিলায় মহৎ পেশার ব্যক্তিদের সম্মান জানাল হাবিপ্রবিসাস

করোনা পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে নিজেদের জীবন বাজি রেখে বেশ কিছু বিভাগের মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। সেই লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) বর্তমান সময়ের যোদ্ধাদের কাজে উৎসাহ দিতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। হাবিপ্রবিসাসের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবির নিচে ফ্রেমের মাধ্যমে তাঁর বহিঃপ্রকাশ করেন।
এ বিষয় নিয়ে হাবিপ্রবিসাসের সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল আল মিশকাত বলেন, ‘করোনা মোবাবিলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুদায়িত্ব পালন করছেন চিকিৎসকসহ চিকিৎসাসেবার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সাংবাদিক, গবেষক, ব্যাংকার, স্বেচ্ছাসেবী, কৃষকসহ অন্যরা। আমরা মহৎ পেশার সব মানুষকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের কাজে উৎসাহ দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছি।’
মিরাজুল আল মিশকাত বলেন, ‘সাধারণ মানুষের একাংশ আজ ঘরে বন্দী। বাকি অংশকে ঘরে ফেরাতে কিংবা অন্যান্য কাজে সহায়তা প্রদানের জন্য দিন-রাত কাজ করছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করছেন চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। পক্ষান্তরে সাংবাদিক সমাজ সঠিক তথ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা বিষয়ে সতর্কতা সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করছে। এ ছাড়া গবেষকেরা দিনরাত পরিশ্রম করছেন কীভাবে প্রতিষেধক তৈরি করা যায়।
পক্ষান্তরে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকার কিংবা কৃষকের অবদান কোনো অংশেই ছোট করে দেখার অবকাশ নেই। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা প্রতিষ্ঠান ত্রাণসহায়তা দিয়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। সমাজের এসব ব্যক্তির কাজের প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের উৎসাহ দিতে হাবিপ্রবিসাস অতিক্ষুদ্র পরিসরে এই উদ্যোগ গ্রহণ করে। আমরা সত্যিই গর্বিত ওই শ্রেণির মানুষের এই ত্যাগের জন্য।’
এদিকে সাংবাদিক সমিতির উপদেষ্টা এবং হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তার কে বি এম মুহিউদ্দিন নুর বলেন, ‘অনুজদের এই উদ্যোগকে স্বাগত জানাই। প্রকৃতপক্ষে সবার উচিত দেশের এসব করোনা–যোদ্ধাকে উৎসাহ দেওয়া। তাঁদের মনোবল বাড়াতে সহায়তা করা। তাঁদের অবদান কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। চিকিংসক–নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। আবার ইতিমধ্যে এক চিকিংসক মৃত্যুবরণ করেছেন, যা সত্যিই হৃদয়বিদারক। এ ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে।’
এ সময় কে বি এম মুহিউদ্দিন নুর বলেন, ‘সবার উচিত সরকারি নির্দেশনা মেনে চলা। কারণ এ দুর্যোগ কখনোই সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার প্রতি অনুরোধ করছি।’
এদিকে ফ্রেমটি তৈরিতে সার্বিক সহায়তা করেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোস্তফা কামাল ও শাহাদাত সেতু। তাঁরা হাবিপ্রবির ১৮ ব্যাচের শিক্ষার্থী।
উল্লেখ্য, হাবিপ্রবিসাসের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। হাবিপ্রবিসাসের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকে এই ফ্রেম ব্যবহার করে মহৎ পেশার মানুষদের সম্মান ও উৎসাহ দিতে দেখা যায়।