করোনা মোকাবিলায় ৫০০ সদস্য: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ ৫০০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে চিকিৎসকদের নিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। চিকিৎসকদের এই কমিটি স্বাস্থ্য বিভাগের সঙ্গে বা যাদের সঙ্গে দরকার, যোগাযোগ রেখে দায়িত্ব পালন করবেন। আমাদের স্বাস্থ্য উপকমিটির সঙ্গে সহযোগিতা করে দায়িত্ব পালন করে যাবে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি বৈশ্বিক এই সংকট মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। দলীয়ভাবে আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন।'

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি পালনই পারে ভয়াবহ সংকট থেকে মুক্তি দিতে। এটাকে একটা যুদ্ধ হিসেবে গ্রহণ করে সবাইকে সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেম দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই যুদ্ধ মোকাবিলায় যার যার দায়িত্ব পালন করতে হবে। নিজের নিরাপত্তা ও জীবন রক্ষা করে অপরকে বাঁচাতে হবে। এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।'