করোনা শনাক্ত ২১১১, মৃত্যু ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় মৃত্যু এবং শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। এ সময়ে ২ হাজার ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের।

করোনায় এর আগের ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে করোনা রোগী শনাক্ত হয় ২ হাজার ২১২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে ১৬ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয় দেশের ১১৭টি পরীক্ষাগারে।
আজ জানানো ২১ জনের মৃত্যুর মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। সবাই মারা গেছেন হাসপাতালে।
দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ।
প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।