করোনাকালে মানুষের পাশে 'উঠবো আমি জেগে'

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে রাজিব হাসান ও সুমাইয়া তামান্নার নেতৃত্বে যাত্রা শুরু করে ‘উঠবো আমি জেগে’ নামের সামাজিক সংগঠন। করোনাকালে বিপাকে পড়া কর্মহীন, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের কর্মীরা। এখন পর্যন্ত ঢাকাভিত্তিক এই সংগঠনের পক্ষ থেকে প্রায় এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা দিতে প্রথমে তাঁরা আঞ্চলিকভাবে ‘বন্ধু ক্যাম্প’ প্রতিষ্ঠা করে কাজ শুরু করেন। বর্তমানে দেশের ১৩টি জেলায় ২৫টি বন্ধু ক্যাম্প রয়েছে। এই বন্ধু ক্যাম্পের আওতায় রয়েছে ‘দুমুঠো খাবার’, ‘দরজার পাশে রাখা’ ও ‘স্বাস্থ্যসেবা দিনরাত’ নামের তিনটি উপপ্রকল্প।

দুমুঠো খাবার উপপ্রকল্পের মাধ্যমে প্রতিদিন অসহায় ছিন্নমূল ও কর্মহীন মানুষের জন্য রান্না করা খাবার দেওয়া হচ্ছে। দরজার পাশে রাখা উপপ্রকল্প কাজ করছে মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্ত পরিবার নিয়ে। স্বাস্থ্যসেবা দিনরাতের মাধ্যমে বিনা মূল্যে সাধারণ রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যেকেউ ঘরে বসে ফোন করেই পাচ্ছেন চিকিৎসাসেবা। এ ছাড়া এই সংকটময় সময়ে কর্মহীন জাদুশিল্পীদের পাশেও দাঁড়িয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তি