স্বাস্থ্য খাত: ফিরে দেখা ২০২০
করোনাকালের দুর্নীতিতে সমালোচিত স্বাস্থ্য খাত
করোনাকালে মাস্ক ও পিপিই কেনাকাটায় দুর্নীতি, কোভিড-১৯ পরীক্ষার নামে জালিয়াতিসহ নানা অভিযোগে সমালোচিত হয়েছে স্বাস্থ্য খাত
মাস্ক নিয়ে দুর্নীতি
দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এন-৯৫ মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করেছিল জেএমআই নামের একটি প্রতিষ্ঠান। ২৬ এপ্রিল নিম্নমানের মাস্ক সরবরাহের এই খবর প্রকাশিত হয় প্রথম আলোয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তাদের প্রতিবেদনে বলা হয়, এন-৯৫ মাস্কের নামে নিম্নমানের সাধারণ মাস্ক সরবরাহের ঘটনা ‘পরিকল্পিত প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ’। মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই এবং মালামাল গ্রহণ, বিতরণ বা অন্য যেকোনোভাবে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলে মন্ত্রণালয়। গত সেপ্টেম্বরে জেএমআইয়ের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুদক।
বছরজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল স্বাস্থ্য খাত। করোনাকালে স্বাস্থ্য খাতের আলোচনা থাকারই কথা। কিন্তু মাঝে করোনাভাইরাসের আলোচনাকে ছাপিয়ে গেছে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি। করোনাকালে মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) কেনাকাটায় দুর্নীতি, কোভিড-১৯ পরীক্ষার নামে জালিয়াতি, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের অঢেল সম্পদের খোঁজ, নামসর্বস্ব অটোমোবাইল কোম্পানিকে সুরক্ষাসামগ্রী সরবরাহের কাজ দেওয়া—এসব নানা অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে স্বাস্থ্য খাত।
অবশ্য করোনাকালেই যে স্বাস্থ্যের দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তা নয়। এর আগে থেকেই এই খাতের নানা দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। বছরের শুরুতে ২ ফেব্রুয়ারি স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগসহ দুর্নীতির ১১টি খাত চিহ্নিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশ স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল সংস্থাটি। এর এক মাসের মাথায় ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানানো হয়। এরপর থেকে করোনা মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নানা দুর্নীতি-অনিয়মের খবর বারবার শিরোনাম হয়েছে সংবাদমাধ্যমে।
পরীক্ষা নিয়ে জালিয়াতি
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানকেও কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা করার অনুমতি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তেমনই একটি প্রতিষ্ঠান জেকেজি হেলথ হেলথকেয়ার। কিন্তু নমুনা পরীক্ষা না করেই পরীক্ষার ফলাফল ও সনদ দিয়ে আসছিল এই প্রতিষ্ঠান। বিষয়টি জানাজানি হলে গত ২৩ জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তখন পর্যন্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ছিলেন মুক্ত। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ১২ জুলাই সাবরিনা চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়।
২০২০ সাল হতে পারত সহনশীলতার বছর, কিন্তু হয়ে গেল দুর্নীতির বছরইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি
রিজেন্ট কেলেঙ্কারি
করোনার চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোর একটি ছিল রিজেন্ট হাসপাতাল (উত্তরা ও মিরপুর শাখা)। এই হাসপাতালের লাইসেন্সই নবায়ন করা ছিল না। অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে আসছিল এই হাসপাতাল। বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। গত জুলাই মাসে র্যাবের অভিযানে উত্তরা শাখায় (মূল শাখা) রিজেন্টের নানা অনিয়ম ধরা পড়ে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়। একপর্যায়ে গা ঢাকা দেন সাহেদ। ১৫ জুলাই তাঁকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করে র্যাব।
লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের অপকর্ম প্রকাশ হওয়ার পর প্রশ্ন ওঠে, করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব এই প্রতিষ্ঠান কীভাবে পেল। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যায় বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই ব্যাখ্যায় ক্ষুব্ধ হয় মন্ত্রণালয়। এ ঘটনার রেশে পদ ছাড়েন স্বাস্থ্য অধিদপ্তরের সে সময়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
জেকেজি ও রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার নামে ভুয়া সনদ দেওয়ায় বিদেশি গণমাধ্যমেও সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ।
আলোচনায় স্বাস্থ্যের গাড়িচালক
করোনাকালে আরেক আলোচিত নাম আবদুল মালেক ওরফে বাদল। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক। পেশায় গাড়িচালক হলেও অঢেল সম্পদের মালিক তিনি। সুনির্দিষ্ট কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকায় তাঁর দুটি সাততলা ভবন, নির্মাণাধীন একটি দশতলা ভবন, জমি, গরুর খামার খুঁজে পায়। দুদক প্রাথমিক অনুসন্ধানে ঢাকার একটি মৌজাতেই মালেক ও তাঁর স্ত্রী নার্গিস বেগমের সাতটি প্লটের সন্ধান পায়। গত ২০ সেপ্টেম্বর তুরাগের বামনারটেক এলাকার একটি সাততলা ভবন থেকে মালেককে গ্রেপ্তার করে র্যাব।
স্বাস্থ্য অধিদপ্তরে নিজের পরিবারের সাত সদস্যের চাকরির ব্যবস্থা করেন মালেক। ২০০৯-১০ সালে স্বাস্থ্য সহকারী পদে শতাধিক লোককে নিয়োগ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁর হাত ছিল।
গাড়ি ব্যবসায়ীকে স্বাস্থ্যের কাজ
ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহের জন্য ৩২ কোটি টাকার কাজ দেওয়া হয় নামসর্বস্ব একটি অটোমোবাইল কোম্পানিকে। জাদিদ অটোমোবাইলস নামের ওই প্রতিষ্ঠানের এ ধরনের মালামাল সরবরাহের কোনো অভিজ্ঞতাই ছিল না। সাড়ে ৯ কোটি টাকা আগাম দেওয়ার পরও যথাসময়ে কোনো মালামাল দেয়নি। পরে টাকা আত্মসাতের অভিযোগ উঠলে কিছু মাস্ক ও গ্লাভস সরবরাহ করেছিল। কিন্তু তার মধ্যে ২৪ হাজার মাস্ক ব্যবহারের অনুপযোগী। এই অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকসহ কর্মকর্তাদের যোগসাজশ ছিল।
দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০২০ সাল হতে পারত সহনশীলতার বছর, কিন্তু হয়ে গেল দুর্নীতির বছর। কোভিড-১৯-এর সংকটের মধ্যে তৃণমূলে ত্রাণ বিতরণে ছোট ছোট দুর্নীতি থেকে শুরু করে উচ্চ পর্যায়ে কেনাকাটা ও বিতরণে বড় দুর্নীতি হয়েছে। সেটা বেরিয়েও এসেছে। স্থানীয় পর্যায়ে কোথাও কোথাও সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এসেছে। কিছু জনপ্রতিনিধিকে বরখাস্ত করা ছাড়া কিছু হয়নি। আর উচ্চপর্যায়ে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজশে দুর্নীতির মহোৎসব হয়েছে।