>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

২০২০ সালের শুরুটাই হয়েছিল নানা ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে। একদিকে অস্ট্রেলিয়ার ভয়ংকর দাবানল, হাজারো প্রাণীর পুড়ে যাওয়া দেহ, আগুনের লেলিহান শিখা। অন্যদিকে ইরান ও আমেরিকার পাল্টা হামলার মধ্যে দিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ঠিক সেই সময়ে অনেকটা আড়ালে–আবডালে চীনে চলছিল এক প্রাণঘাতী ভাইরাসের বিস্তার (পরে যা থামকে দেবে পুরো মানবজাতিকে)। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভাইরাস নিয়ে নানা তথ্য আসতে শুরু করে, তবু সেভাবে ভীতি কারও মধ্যে ছিল না। অনেকে গবেষক ভেবেছিলেন, হয়তো চীনের ওই গণ্ডির ভেতরেই ভাইরাসকে নির্মূল সম্ভব হবে। তখন বাংলাদেশে বসন্তের আগমনী গান বাজছে। সবাই ভাবছিল, এই বসন্তের প্রকৃতি বোধ হয় ভাইরাসকে ঠেকিয়ে দেবে। ঠিক সেই সময় প্রাণঘাতী রূপ নেওয়া কোভিড–১৯ ইতালিতে তার মরণথাবা বসানোর প্রাথমিক কাজটা করছিল।
যাই হোক নানা জল্পনা–কল্পনায় ফেব্রুয়ারি মাসটা কাটছিল। নিয়মিত ক্লাস হচ্ছে, জমে উঠেছে আন্তডিপার্টমেন্ট ক্রিকেট। প্রতিদিন ডিপার্টমেন্টে যাচ্ছি, ক্লাস শেষ করে বাদাম হাতে নিয়ে খেলা দেখছি, দল জিতলে উল্লাসে মিছিল করছি, স্যারদের সঙ্গে জয়ের উল্লাস করছি, এরপর লাইব্রেরিতে গিয়ে তলায়স্তরের ‘ওয়্যার অ্যান্ড পিস’ পড়ছি। এদিকে হলের জীবনও বেশ জমে উঠেছে, রুমে গাদাগাদি করে থাকছি, বিকেলে ক্রিকেট খেলছি, স্পিনে ভেলকিবাজি করছি, ছুটির দিনে বন্ধুরা মিলে নদীর চরে ফুটবল আর গোসলে মেতে উঠেছি। নতুন ঠিক করা গাড়ি নিয়ে লংড্রাইভে যাচ্ছি, মাঝে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্টও করেছি, হুট করে গ্রামে বন্ধুবান্ধবসহ হাজির হচ্ছি—সব মিলিয়ে প্রতিটি সেকেন্ড উপভোগ করছি (কে জানত সামনে ভয়াবহ সময় অপেক্ষা করে আছে)।
ঠিক এর মধ্য দিয়ে মার্চের আগমন। তত দিনে চীন ছাড়িয়ে করোনার হানা সদূর ইতালিতে, মৃত্যু যেন জোকের মতো দাঁত বসিয়েছে। তবুও মনের ভেতর ভয় নেই ততটা, কারণ তবুও আশা নতুন পাতা, পুষ্প আমাদের নিরাপদেই রাখবে কিন্তু ভয় জাগতে শুরু করল কটা দিন পরেই, যখন হাজার হাজার প্রবাসী মৃত্যুপুরী ইতালি থেকে দেশে আসা শুরু করলেন। সরকার একরকম ব্যর্থ হলো তাঁদের যথাযথভাবে কোয়ারেন্টিনে রাখতে। ততক্ষণে ভয় ছড়িয়ে গিয়েছে ইতালির মৃত্যুর মিছিল দেখে, ক্লাসে স্যাররা আলোচনা শুরু করল এই করোনার ভবিষ্যৎ ও আদ্যোপান্ত নিয়ে। তাই নিজেও কিছুটা সচেতন হতে শুরু করেছি, মাস্ক পরা আরম্ভ করেছি।
এর মধ্যে ৮ মার্চ হলের ডাইনিংয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে কাথা মুড়ি দিয়ে ফেসবুকে স্কল করতেই মীরজাদি সেব্রিনা ম্যাডামের সেই প্রথম ঘোষণা, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত। মুহূর্তেই যেন কোথা থেকে বুকের ভেতর অজানা ভয় জাঁকিয়ে বসল। দ্রুত উঠে পাসের রুমের বন্ধু জীমকে নিয়েই বাজারে দৌড়, অন্য সবার মতোই কয়েকটি মাস্ক, দুটি হ্যান্ডওয়াশ আর হ্যান্ড রাব কিনে ফিরলাম। পরদিন থেকে মুখে মাস্ক আর পকেটে হ্যান্ডরাব নিয়ে ঘোরার দিন শুরু হলো। চারদিকে তখন করোনা, করোনা গুঞ্জনে,আলাপে আলাপে মুখর, কিন্তু সবকিছু ছাপিয়ে কেন যেন সচেতন ছাত্রমহলে চাপা ক্ষোভ ‘দিল্লির দাঙ্গার পরে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রতিহত করার বিষয়ে’। যাই হোক প্রতিদিন দু–তিনজন করে অথবা শূন্য হারে শনাক্তের খবর আসতে থাকে। এর মধ্যে নানা গুজবের ডালপালা বিস্তার তো আছেই। তবু তত দিন পর্যন্ত জনজীবন স্বাভাবিক। আমরাও ক্লাস করছি, লাইব্রেরি, চত্বরে আড্ডাতে আছি (তবু কিছুটা সচেতন)। এর মধ্যেই ১৬ মার্চ ডিপার্টমেন্টের জুনিয়রদের সঙ্গে হইহুল্লোড় করে বাগেরহাট-খুলনা ট্যুরে গেলাম (কারণ তখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা লকডাউনের ঘোষণা আসেনি)। অবশ্য ট্যুরের মধ্যেই খবর এল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, ১৮ মার্চের মধ্যে হল ছাড়তে হবে। এই বন্ধ জিনিসটা আর হল ছাড়ার সিদ্ধান্তটাই একবারে আভাস দিল ভয়ংকর সময় আসছে। প্রিয় ক্যাম্পাস, শহরে ভয়। মানুষজনের আগাম বাজারের হুল্লোড়ে আতঙ্কে তখন হাড়হিম; কারণ এ রকম পরিস্থিতিতে আমরা জীবনে পড়িনি। যাহোক বন্ধুদের ভালো করে আলিঙ্গনের সুযোগ না পেয়েই সেদিন বিকেলে কোনোমতে গোছগাছ করে বাড়ির পথে রওনা হলাম অন্তত মায়ের আঁচলের নিচে নিরাপত্তা খুঁজতে।
*শিক্ষার্থী, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। [email protected]