করোনাতে অচেনা সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

জীবনযুদ্ধে হেরে যাওয়ার পরিচিত দিনগুলোই পার করছি আমরা। সুযোগ কেড়ে নিয়ে আটকাতে চায় এই করোনা। কিন্তু আমরা যে হারার পাত্র নই, সেটাই প্রমাণ করতে আজ আমাদের অচেনা কিছু সুর কাঁধে বহন করেই বাঁচতে হবে। ফলে বাসায় বসে দিন পার করতে হচ্ছে। এখন স্বপ্নগুলো দেখার জন্য অনেক কিছু ভাবতে হয়।

কী হতো মার্চে
এবারের মার্চ মাস খুব বড় আয়োজনের মাস ছিল। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, প্রত্যাশা কী ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষভাবে দিনটি পালন করার জন্য অপেক্ষা করছিল, আর আমরা পরিকল্পনা করছিলাম কী করব দিনটাতে। খুব সকালবেলা উঠে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, সকালে ক্যানটিনে ভাজি দিয়ে একটা পরোটা খেয়ে টিউশনি যাওয়া। টিউশনি শেষ করে হলে ফিরেই হয়তো কোনো একটা হলের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন করা। বিকেলবেলা সব বন্ধু মিলে কার্জন হলে পাড়ি জমানো আড্ডার উদ্দেশ্যে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা। ঘুমানোর আগে একটু পড়াশোনা করে তবেই শেষ হতো দিনটা। অনেক আনন্দের হতো দিনটা, শুধু তো এক দিনের কথা বললাম। বিশ্ববিদ্যালয়জীবনে যারা হলে থাকে, তাদের জন্য প্রতিটা দিন অনেক আনন্দের।

এপ্রিলে কী হতো
এপ্রিলে কোনো একটা নতুন বছর শুরু হতো, অন্যদিকে সেমিস্টারের প্রথম মিড পরীক্ষা সম্পন্ন হতো। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী আয়োজন করে। রাতে বন্ধুরা মিলে পরিকল্পনা করা হয় যে কী করতেছি আগামীকাল। রাত ১২টা বেজে ওঠার জন্য অপেক্ষা করা, ফানুস, ফটকা ফোটানো। সকালে উঠে ক্যানটিনে বড় ভাই, বন্ধুদের সঙ্গে নিয়ে বৈশাখের খাবার খাওয়া। পয়লা বৈশাখে টিউশন অফ। ঘোরাঘুরি, কেউ কাপল নিয়ে ঘুরে আর কেউবা বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে। তবে যা–ই হোক এদিন ঘুরতেও অনেক ভালো লাগে, গেট পেরোলে ফুল দিয়ে সাজানো, ক্যাম্পাস গেলে মনটা ভরে যায়। কেউ আছে যারা ক্রিকেট, ফুটবল ম্যাচের আয়োজন করে। সিনিয়র–জুনিয়র, হল বনাম হল, ঢাবি বনাম বুয়েট ব্যতিক্রম আয়োজন দিয়ে খেলাধুলাকে সাজানো হয়। এদিনে কার্জন হল পুরোই আনন্দে মুখর। ক্যাম্পাসে নিজের হাতে বানানো খাবার নিয়ে আসা, সেটা একসঙ্গে কার্জনের ঘাসে বসে খাওয়া। অন্য রকম স্মৃতিময় করে তুলে দিনটাকে। আর আজকে এপ্রিল আমরা ঘরে বসে হতাশ নিয়েই পালন করলাম। আজ কোনো আয়োজন নেই, আড্ডা নেই, ঘুরার সুযোগ নেই। আগে আনন্দে কাটত, এবার বিষণ্নতায় যাচ্ছে। ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করার দিনটাতে কিন্তু কোনোটাই হলো না। এবার আসি মে মাসের গল্পে?

মে মাসের গল্প
২০১৯ সালের মে মাসের প্রথম সপ্তাহে ডিপার্টমেন্ট দ্বিতীয় মিড পরীক্ষা শেষ করে পড়াশোনা শুরু সেমিস্টার ফাইনালের উদ্দেশ্যে। মাঝপথে পবিত্র রমজান মাস, তাই পরিকল্পনা একটু ভিন্ন রকম হয়। ফাইনাল পরীক্ষা রমজানের মধ্যে শেষ হয়ে যায়, একটা বিষয় হচ্ছে, ঢাবিতে বিজনেস অনুষদের পরীক্ষাগুলো গ্যাপ গ্যাপ করে হয়। ফলে আলাদা একটা রিলাক্স পাওয়া যায়। রমজান মাসে ঢাবিতে অন্য রকম একটা পরিবেশ থাকে, তা হলো বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল। বিভিন্ন সেমিনার শেষে ইফতারের আয়োজন। যারা খুব কাছে বা হলে অবস্থান করি, তারা বিকেল হলেই ইফতার মাহফিলে হাজির। আনন্দে ভরপুর হয়ে যায়, মানসিকভাবে সুস্থতা অনুভব করি। অগ্রজ ভাই-আপুরা বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, যা শুনে নিজের মধ্যে বিশ্বাসটাকে আরও বেশি মজবুত করতে পারি। তা ছাড়া হলের মধ্যে বন্ধুরা মিলেও ইফতার আয়োজন করা হয়, প্রতিটা দিন ঈদের আনন্দের মতোই কেটে যায়। আর এদিকে পরীক্ষা প্রস্তুতির জন্য রাতভর পড়াশোনা করা হয়। সকালে ব্রাশ শেষ না হতেই পরীক্ষা দিয়েই হলে ফিরে বিশেষ একটা মানসিকভাবে শান্ত অনুভব করা। অনেকটা সুমধুর সম্পর্কে বিশেষতায় কেটে যায় দিনগুলো।

জুনের দিনগুলো
নতুন একটা সেমিস্টারে পদার্পণ করার সময় এই জুন মাস। ভালো ফলাফলের প্রত্যাশায় বিগত দিনগুলোর ভুলগুলো সামলে নতুন প্রত্যাশায় এগিয়ে যাওয়ার মাস। আমি মার্কেটিং বিভাগে পড়াশোনা করি, সবার শেষে পরীক্ষা শেষ হয় আবার প্রথমে ক্লাস শুরু হয়ে যায়। এফবিএসে যারা পড়াশোনা করে, তাদের আলাদা কিছু বিষয় সব সময় খেয়াল রাখতে হয় তা হলো, প্রেজেন্টেশন, অ্যাসাইন্টমেন্ট ইত্যাদি। অনেক ব্যস্ততার মধ্যেই কেটে যায় সময়গুলো। হল থেকে স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে সবাই অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। অগ্রজ ভাই-আপুরা আসেন, তা ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে অগ্রজরা আসেন। তাঁদের অনুপ্রেরণায় মুগ্ধ হয়ে যাই।

কিন্তু ২০২০
করোনাভাইরাস বিরূপভাবে নষ্ট করে দিল দিনগুলো। চীনের রাজ্যে উৎপত্তি করোনা কয়েক দিনের মধ্যে সারা বিশ্বে আক্রমণ করল। দিনের পর দিন বেড়েই চলছে ভাইরাসের ধাওয়াল। মানুষ এখন চিন্তিত, পরিবারগুলো চিন্তায় আবৃত হয়ে গেছে। যেখানে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, ইউরোপ, সিঙ্গাপুরসহ সব উন্নত দেশ সামলাতে পারছে না, সেখানে বাংলাদেশ। মানুষের মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে গেছে। তবে জুলাইয়ে আশার আলো আসছে ভ্যাকসিন তৈরির বিষয়ে। তবে বিষয়টা কতটা সফল, জানা যাবে মানুষের শরীরে ব্যবহারের মাধ্যমে। গ্লোব বায়োটেক প্রত্যাশা করছে করোনার সফল ভ্যাকসিন বের করার। আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অনেক ছেলেমেয়ে পড়াশোনার বাইরে। পড়াশোনা যেন ক্ষতি না হয়, তার জন্য সরকার অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, তবু গ্রাম কেন, শহরের অনেক ছেলেমেয়ে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের বেশির ভাগ ছেলেমেয়েই বঞ্চিত অনলাইন ক্লাস থেকে। কারণ, অনলাইন ক্লাস করার জন্য ন্যূনতম একটা ভালো স্মার্টফোন প্রয়োজন। যেখানে একটা পরিবার দিন এনে দিন খায়, সেখানে পরিবারটি কাজশূন্য অবস্থায় পড়ে আছে। যেখানে নিজের খাওয়া জোটাতে পারছে না, সেখানে স্মার্টফোন কেনা! অনলাইন ক্লাস করার জন্য টাকা দিয়ে নেট কিনতে হয়, যেখানে গ্রামের ছেলেমেয়েরা সরাসরি বিদ্যালয় যাওয়ার জন্য বাসায় পাঁচ টাকার অপেক্ষায় থাকে। সেখানে অনলাইনের জন্য টাকা খরচ। অসংখ্য ছেলেমেয়ে বঞ্চিত হচ্ছে অনলাইন ক্লাস করা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়াশোনা করছি। গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই অনলাইন ক্লাস হচ্ছে। ভার্সিটিতে পড়া অবস্থায় অনেকেই ক্লাস করা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাম থেকে যারা ক্লাস করছে, তারাই সমস্যায় পড়ছে। বাসায় নেট পায় না, নেট পাওয়ার জন্য বাইরে বের হতে হয়, বৃষ্টি হলে তো ক্লাস করাটাই অসম্ভব হয়ে পড়ে। তা ছাড়া টাকা দিয়ে নেট কেনা, ভার্সিটিতে থাকাকালীন টিউশনি করতাম, তা দিয়ে চলে যেত মাস। কিন্তু এখন টিউশন নেই, আর পরিবারের উপার্জনের উৎস বন্ধ হয়ে গেছে। অনেকটা হতাশ জীবন পার করতে হচ্ছে। অন্যদিকে অনলাইন ক্লাস। ভার্সিটিতে থাকাকালীন স্বপ্ন ভাবতে সময় লাগত না, আর এখন মনে হচ্ছে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। একাডেমির পাশাপাশি সংগঠন করা, চাকরির প্রস্তুতির পড়াশোনা করা, বিকেলে সাইকেল নিয়ে টিউশন, রাতে ফিরে খাবার খেয়ে পড়ার টেবিলে বসা। কিন্তু এখন কোনো রুটিন নেই। প্রত্যাশাটা যেখানে ঠিক নেই, সেখানে চেষ্টা করে কী হবে।

তবে হাল ছাড়া যাবে না, চেষ্টা করে যেতে হবে আর হাল না ছাড়ার মধ্যেই প্রত্যাশা পাওয়া যাবে।

ভালো থাকার জন্য ভালোবাসতে হবে, মনপ্রাণ দিয়ে কাজকে ভালোবাসতে হবে। যেখানে ঘুম হতো নিয়ম করে, করোনার কারণে ঘুমের ঠিক নেই। এই সময়ে প্রত্যেকে যেখানে কাজে ব্যস্ত থাকত, সেখানে আজ দিনের পর দিন অলসতায় কেটে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম সময় মেনে চালা হতো, সেখানে সব সময়ের চেনা সুর হয়ে যাচ্ছে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে। যা আমরা এখন পাচ্ছি সবকিছুই অপ্রত্যাশিত, যা চেনার জগতে নেই। সবকিছুই যেন অচেনা থেকে নতুন কিছু বিষয় দিয়ে সাজিয়ে দিচ্ছে।


*শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়