করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় টিকা দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন আর কোনো সমস্যা নেই। সবাই আগ্রহ নিয়ে টিকাকেন্দ্রে যাচ্ছেন। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সকলকেই টিকা দেওয়া হবে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলার জন্য যা করা দরকার, তা করায় করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
শেখ হাসিনা আজ রোববার সকালে ‘কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ’ নামে নারায়ণগঞ্জে একটি ক্যানসার রিসার্চ সেন্টার ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আসার পরই সাত দিনের মধ্যে তাঁরা দুই হাজার চিকিৎসক, ছয় হাজার নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিয়েছেন। ভবিষ্যতে আরও নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে।
করোনাভাইরাস মোকাবিলার জন্য যা যা করা দরকার, তাঁর সরকার তা করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের এই পদক্ষেপের ফলে আজকে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।’
এ সময় প্রথম টিকা গ্রহণকারী কুমুদিনী হাসপাতালের সিনিয়র নার্স বেরোনিকা ডি কস্তাকেও আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, একসময় টিকা দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন আর কোনো সমস্যা নেই। সকলে আগ্রহ নিয়ে টিকাকেন্দ্রে আসছেন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলে দিয়েছি, ৪০ বছরের ওপরে যাঁরা, তাঁরা টিকা পাবেন। আইডি কার্ড সাথে নিয়ে গেলে তাঁরা ফরম পাবেন। রেজিস্ট্রেশনও করতে পারবেন। গতকালও প্রায় ১ লাখ ৯৪ হাজার মানুষ টিকা নিয়েছেন। আমরা ৩ কোটি টিকা কিনে রেখেছি। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সকলকেই আমরা টিকা দেব।’
শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে আমি মনে করি, আমাদের দেশ থেকে করোনার প্রাদুর্ভাব পুরোপুরি চলে যাবে। তাই সবাইকে এটা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী চিকিৎসাবিজ্ঞান, বিশেষ করে ক্যানসারের ওপর আরও গবেষণায় গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশের পরিবেশ ও জলবায়ুর সঙ্গে ক্যানসার কীভাবে বিস্তার লাভ করে, সে জন্য গবেষণা দরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গবেষণার সুযোগ খুবই কম। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা খুব বেশি একটা হচ্ছে না। যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন।’
শেখ হাসিনা বলেন, ‘ক্যানসার এমন একটা রোগ এবং যেভাবে এর প্রাদুর্ভাব হচ্ছে, তার সেভাবে ডায়াগনসিস আমাদের দেশে হচ্ছে না। দেশের পরিবেশ এবং জলবায়ুর সাথে এই ক্যানসার কীভাবে বিস্তার লাভ করে, সেটার চিকিৎসার জন্য যে গবেষণা দরকার, সেটা আমাদের দেশে খুব কমই হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৯৯৬ সালে সরকার গঠনের পর গবেষণার জন্য অনেকগুলো ইনস্টিটিউট তৈরি করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে ক্ষমতায় এসে সেগুলোকে আরও উন্নত করার পাশাপাশি আরও নতুন ইনস্টিটিউট করে দিয়েছেন। কারণ, দেশে গবেষণা একান্ত অপরিহার্য।
শেখ হাসিনা বলেন, কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ নামের সেন্টারটি যখন তৈরি হবে, তখন এ দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ মানুষ আরও ভালোভাবে পাবে। কারণ, দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব বিভাগে অন্তত একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে সেখানে গবেষণার সুযোগ হবে। তবে তিনি মনে করেন যে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ১৯৯৬ সাল থেকেই তাঁর সরকার বেসরকারি খাতকে উৎসাহিত করেছে। শুধু তা-ই নয়, বেসরকারি খাতে হাসপাতাল করতে যেসব যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রয়োজন হয়, সেগুলোকে ট্যাক্স ফ্রি ও ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘এমনকি শিশুদের জন্য ইনকিউবেটরসহ যা যা প্রয়োজন, সেগুলোও আমি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করে দিয়েছিলাম। যে কারণে আমাদের দেশে অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। তবে, এখানে কুমুদিনী ট্রাস্ট সব সময় অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সব থেকে বেশি উদ্যোক্তা তারা।’
প্রধানমন্ত্রী বলেন, যখনই যেটা উদ্যোগ কুমুদিনী ট্রাস্ট নিয়েছে, তা অত্যন্ত সফলভাবে প্রতিষ্ঠা করেছে। সে জন্য তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
শেখ হাসিনা অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকেরাও গবেষণায় খুব একটা সময় ব্যয় না করে রোগী দেখেই সময় কাটান।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে যাদের রিসার্চ করার কথা, সেসব চিকিৎসক রোগী দেখতে এত ব্যস্ত, কাজেই হাতে গোনা খুব কম জনকেই আমি দেখি, তাঁদের পাবলিকেশনস ও রিসার্চ।’
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে জাতির পিতা প্রতিটি ইউনিয়নে ১০ শয্যার একটি করে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘চিকিৎসাসেবা জনগণের একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন স্বাধীনতার পর ঘুরে দাঁড়িয়ে নতুনভাবে এগিয়ে চলা শুরু করেছে, তখনই ঘাতক চক্র পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার নির্মমভাবে হত্যা করে সেই অগ্রগতির চাকাকে স্তব্ধ করে দেয়। এর মাধ্যমে একটি আদর্শকে হত্যা করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাতে সেবা পায়, সেদিকে লক্ষ্য রেখেই তাঁর সরকার জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা দেওয়ার পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ সরকার প্রণয়ন করেছে।
সরকারপ্রধান বলেন, কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাত আরও এক ধাপ এগিয়ে গেল। বেসরকারি খাত আরও উৎসাহিত হবে। সবাই চাইবে যেন এ ধরনের সেবামূলক কাজ করতে পারে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, দানবীর রণদাপ্রসাদ সাহার নাতি ও কুমুদিনী ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা অনুষ্ঠানে বক্তৃতা দেন।
স্থানীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, আমন্ত্রিত অতিথি ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট ও তার প্রতিষ্ঠাতা রণদাপ্রসাদ সাহার ওপর অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র প্রচারিত হয়।
১৯৭১ সালের ১৭ মে দানবীর রণদাপ্রসাদ ও তাঁর পুত্র ভবানী প্রসাদকে পাকিস্তানি হানাদার বাহিনী নারায়ণগঞ্জে তাঁদের বাসভবন থেকে ধরে নিয়ে যায়। তারপর তাঁরা আর ফেরেননি।