করোনাভাইরাসের আত্মকথা

আমি করোনা ভইরাস! খাতা–কলমে কোভিড নাইটিনও বলে! কি, নাম শুনেই আতঙ্কিত হচ্ছো! আমার জন্ম পরিচয় তো সবই জানো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মনে হয় আমার নামই উচ্চারিত হয়েছে! এত ভয় পাও তোমরা জীবনকে! হায়রে মানুষ! আমার জন্ম না হলে তোমাদের সামর্থ্যহীনতা বুঝত না এই পৃথিবী! তোমরা তো শ্রেষ্ঠ প্রাণী, তোমাদের বুদ্ধি আছে, এই বুদ্ধি বলে পৃথিবীর অনেক বড় হিংস্র প্রজাতিকে পরাজিত করে এখনো নিজেদের আধিপত্য রেখেছ পৃথিবীতে! এখন বুঝি একটু কাবু হয়ে গেলে, আমিও দেখে নেবো তোমাদের মগজের কত জোর! আমার ও ক্ষমতা আছে তোমাদের বোকা বানানোর, দেখোনা কতবার, কতভাবে পরিবর্তনের রূপ ধারণ করি, তোমরা তো কিছুই ধরতে পারো না!
শুনলাম তোমরা নাকি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ! কত দিন চালিয়ে নিতে পারবে এই যুদ্ধ, সেই রসদ কি তোমাদের আছে! আমার কাছে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু চলবে না বলে দিলাম! আমি এসব মনগড়া আইন মানি না তোমাদের! সামনে যাকে পাব শেষ দেখে ছাড়ব! তবে তোমাদের গবেষকদের আমি ভয় পাই কিছুটা! এদের সামনে পড়লে বেশ বিপদ, কত কিছু যে করে এরা! তাদের হাতেই তো তোমরা বেঁচে গেছ যুগ যুগ ধরে!
আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা নিজেরাও নিজেদের থেকে দূরত্বে! কেউ কারও নয়, কত কাছের মানুষ, সময়ের প্রয়োজনে কত দূরে ঠেলে দিয়েছ তোমরা! মানব প্রজাতিকে দেখে আজকাল আমার হাসিই পায়, আমার মতো ছোট্ট প্রজাতির কাছেই তোমরা কত বড় অসহায়!
আমি বিদ্যুৎ বেগের মতো ছুটে চলি, এক দেশ থেকে অন্য দেশ! দেখছো না, ইতালিকে কত নাকানিচুবানি দিলাম, পৃথিবী শাসন করা যুক্তরাষ্ট্রকেও কাঁপন ধরিয়েছি—এটাই প্রমাণ করতে যে তোমাদের আধুনিকতা, উন্নত লাইফস্টাইল আমার কাছে তুচ্ছ, আমার কাছে ছোট বড়, ধনী, গরিব কিছুই নেই! পৃথিবীর কোনো আইন দিয়ে, আমাকে রুখতে পারবে না!
কই, আমার এই ধাক্কাতেও তো তোমরা মানবপ্রজাতি পরিবর্তন হলে না! তোমাদের ভেতরকার পশুবৃত্তি নাকি আরও বেড়েছে! সৌহার্দ্যের পরিবর্তে তোমরা নাকি নিজেদের কাছে আরও ঘৃণার পাত্র হয়ে উঠছ! কি বোকাই না তোমরা! এখনো এক হতে পারলে না আমায় রুখতে, আমরা তো প্রতিনিয়তই হাসি এসব দেখে, আর নিজেদের আরও শক্তিশালী করি তোমাদের দুর্বলতা দেখে! আমরা যে আঘাত হেনেছি, তা কি কাটিয়ে উঠতে পারবে এত সহজেই! চলো দেখি পেশিশক্তি নাকি বুদ্ধিবৃত্তিক শক্তিতে আমায় পরাজিত করতে পারো...।
*লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়