করোনায় কর্মহীন পরিবারের পাশে 'উত্তরবঙ্গের উত্তরসূরী'

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্ল্যাটফর্ম গড়ে ওঠা ‘উত্তরবঙ্গের উত্তরসূরী’ নামে একটি গ্রুপ উত্তরবঙ্গের ১৬ জেলায় করোনাভাইরাসের সংক্রমণে কর্মহীন, শ্রমজীবী হতদরিদ্র মানুষের দিকে খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে। উত্তরবঙ্গের উত্তরসূরী নামে ফেসবুক পেজের সদস্যদের উদ্যোগে বগুড়ার গাবতলী থানার রামেশ্বরপুর গ্রামে ১৩৫টি দুস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ধুনট উপজেলার আরকাটিয়া গ্রামে ৫০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়।

সহায়তার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক–দুই কেজি লবণ, এক লিটার তেল, দুই কেজি আটা, একটি সাবান।
আজ বুধবার বগুড়ার দুই উপজেলায় এগুলো বিতরণ করা হয়।
ফেসবুকভিত্তিক উত্তরবঙ্গের উত্তরসূরী সংগঠনের অ্যাডমিন তৌহিদ পারভেজ জানান, একই দিনে সিরাজগঞ্জ জেলা ও দিনাজপুর জেলায় মানবিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার জয়পুরহাটে ১০০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে কার্যক্রমটি শুরু করা হয়। পর্যায়ক্রমে উত্তরবঙ্গের সব জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রথম দিনে বগুড়া ও জয়পুরহাট জেলার ২০০ পরিবারের হাতে খাদ্য ও অর্থসহায়তা তুলে দেয় সংগঠনটি।