করোনার কারণে মন্ত্রণালয়ের এপিএ মূল্যায়নে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০-২১ অর্থ বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতিতে সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণে যেসব সূচকের কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি, সেসব সূচক এপিএ মূল্যায়নে বিবেচনা করা হবে না। এসব সূচকের নম্বর বাদ দিয়ে অবশিষ্ট নম্বরের আনুপাতিক হার মন্ত্রণালয় বা বিভাগের মোট নম্বর গণনা করা হবে।

এ ধরনের আরও কিছু নতুন নির্দেশনা দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে চলতি অর্থ বছরের স্বমূল্যায়িত প্রতিবেদন, প্রমাণসহ মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সময়সীমা ২৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় কীভাবে মূল্যায়ন করা হবে তার উদাহরণ দেওয়া হয়েছে। যেমন, একটি মন্ত্রণালয় তিনটি সূচকের কার্যক্রম করোনার কারণে অর্জন করতে না পারলে তার অর্জন শূন্য। আর এই তিনটি সূচকের বরাদ্দ মোট নম্বর পাঁচ।

সে ক্ষেত্রে মন্ত্রণালয়ের এপিএ মূল্যায়ন করা হবে পাঁচ নম্বর বাদ দিয়ে অবশিষ্ট ৯৫ নম্বরের ভিত্তিতে। এরপর এই ৯৫ নম্বরের মধ্যে ওই মন্ত্রণালয়টি যদি ৯০ নম্বর পায় তাহলে দেখতে হবে ১০০ নম্বরে কত পায়। এ ক্ষেত্রে ১০০ নম্বরে পায় ৯৪ দশমিক ৯৪। এই নম্বরটি হবে মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রাপ্ত নম্বর।