করোনার ছায়ায় নতুন স্বাভাবিকতার হদিস

  • ইদানীং বিয়ে বা মিলাদ মাহফিলে ২০০ মানুষও ডাকা যাচ্ছে। প্রশাসনের বিধিনিষেধ, জরিমানার নিয়ম কিছুটা শিথিল হয়েছে।

  • স্কুল যখনই খুলুক, কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। নিয়মগুলো বলছে, বড়দের করণীয় বেশি।

খাগড়াছড়ির দীঘিনালার মুসলিম পাড়া গ্রামে পাঠদান করছেন এক শিক্ষক।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’—গত ছয় মাসে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কেউ এ গান গায়নি। খুব সকালে দিনের প্রথম রোদ গায়ে মেখে বাতাসে ওড়েনি জাতীয় পতাকাটি।

খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয় থেকে খুলনার নৈহাটির প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো আজও শব্দহীন। তবে দীঘিনালায় উঠানে উঠানে ছোট ছোট দলকে ক্লাস করাচ্ছেন আড়াই শ শিক্ষক। যাকে বলে করোনাভাইরাসের সঙ্গে বসবাস। শুধু বাংলাদেশ নয়, অতিমারির সঙ্গে ইঁদুর-বিড়াল খেলতে খেলতে রোজকার জীবন চালানোর উপায় খুঁজছে সারা বিশ্ব।

এক দফা লম্বা লকডাউনের পর ইউরোপ-আমেরিকার কোথাও কোথাও কিছু স্কুল খুলেছিল। পর্যটনকেন্দ্রগুলো রয়েসয়ে চালু হচ্ছিল। কাজে বেরিয়েছিল মানুষ।

এখন কোভিড-১৯-এর পুনরাগমনী বার্তা পেয়ে স্কুলগুলোর দরজা আবারও বন্ধ হয়ে যাচ্ছে। তবে জীবন ও জীবিকার দাবি মানুষকে শেখাচ্ছে, কিছুই থামিয়ে রাখা যায় না। সংক্রমণের ঝুঁকির সঙ্গে যুঝে, তাকে পাশ কাটিয়েই জীবন চলবে।

বাংলাদেশেও করোনা সংক্রমণের ঢেউ আবার আছড়ে পড়ছে। তবু জীবন থেমে নেই। নতুন বাস্তবতায় চলার চেষ্টা কমবেশি সবাইকে রপ্ত করতে হবে।

আবারও সংক্রমণের ভয়

ইউরোপের দেশগুলোতে নতুন করে বাড়ছে সংক্রমণ। যুক্তরাজ্যে তরুণদের মধ্যে বেশি ছড়াচ্ছে। এসেছে এলাকাকেন্দ্রিক লকডাউন। স্বেচ্ছা-সঙ্গনিরোধের বিধি ভাঙার জরিমানা ১ হাজার পাউন্ড থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত উঠেছে।

প্রথম দিকে লকডাউন দেওয়া দেশগুলোর একটি অস্ট্রিয়া। লকডাউন শিথিল করাতেও দেশটি অগ্রণী ছিল। ১ মে থেকে দেশটি ধাপে ধাপে ১০ জন থেকে ৫০ জনের জমায়েতের অনুমতি দিয়েছে। আন্তর্জাতিক যাতায়াত-যোগাযোগেও বিধিনিষেধ উঠতে থাকে, তবে ক্ষেত্রবিশেষে কড়াকড়ি আছে।

এদিকে, টাইম ম্যাগাজিনের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রেও। বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির দেশটিতে ৬ অক্টোবর পর্যন্ত মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

তবে উন্নত বিশ্বের দেশগুলো নিউ নরমালকে মেনে নিয়েছে। সবকিছু থামিয়ে দিয়ে নয়, বরং সংক্রমণের ভয়কে সঙ্গে নিয়েই নতুন স্বাভাবিকতায় জীবনযাপন। এখন শোনা যাচ্ছে, আসন্ন শীতে এশিয়ার দেশগুলোতে সংক্রমণ বাড়বে।

বাংলাদেশে কালাজ্বর নিয়ন্ত্রণ সম্ভব হয়েছিল, কিন্তু করোনা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এর বড় কারণ সরকার মানুষকে সচেতন করতে পারেনি।
বেনজির আহমেদ, সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা

নতুন স্বাভাবিকতায় বসবাস

শব্দটির সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার আগেই আমরা প্রবেশ করেছি ‘নিউ নরমাল’ সময়ে। গত মে দিবসের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছিলেন, লকডাউন উঠলেও জীবন চট করে স্বাভাবিক হবে না। আর সম্প্রতি তিনি তাঁর দেশের মানুষকে করোনার সঙ্গে বসবাস করতে শিখতে বলেছেন।

যুক্তরাষ্ট্রে ইয়ং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন বা ওয়াইএমসিএ পরিচালিত ডে-কেয়ার সেন্টারগুলো সেবা দিয়ে চলেছে। শিশুদের খেলাচ্ছলে স্বাস্থ্যবিধি শেখাচ্ছে। ভারতের কেরালার কমিউনিটি কিচেনের খবর দৃষ্টি আকর্ষণ করেছে গোটা বিশ্বের। ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের আরও কিছু দেশে স্বেচ্ছাশ্রমে এমন সর্বজনীন রসুইঘর তৈরি হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মার্চের শেষ সপ্তাহ থেকে সরকারিভাবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে কমিউনিটি কিচেন চালু করেন। সেগুলোতে প্রতিদিন ১৪ লাখ প্যাকেট খাবার রান্না করে বিলি করা হতো। ক্রমে অবশ্য শুধু অভুক্ত ও কর্মহীন মানুষের জন্যই এ ব্যবস্থা বহাল রাখা গেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই সরকারের প্রচারিত সংসদ টিভির ক্লাস দেখার সুযোগ পায় না। অনলাইনে ক্লাস করা আরও অসম্ভব। উপজেলার ১১২টি স্কুলের ২৫০ জন শিক্ষক শুরু করেছেন ‘উঠান পাঠদান’।

অতিমারির এই সময়ে আমরা অনেক নিষ্ঠুরতার খবর পাচ্ছি। পাশাপাশি এই ইতিবাচক খবরগুলো আশা জাগায়। এমন ছোট ছোট উদ্যোগই একসময় রাষ্ট্রের জন্য তৈরি করে উদাহরণ।

আর যতই ভয় থাকুক, মানুষ যোগাযোগহীন হয়ে থাকতে পারে না। গত ১৫ জুলাই তরুণদের মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবিনারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ‘হিউম্যান লাইফ নিডস হিউম্যান কন্টাক্ট’।

মানবিক সংস্পর্শ ছাড়া মানুষের জীবন চলে না। করোনাভাইরাস আছে, রয়েছে সংক্রমণের ভয়। কিন্তু প্রতিদিন আমাদের মানুষের কাছাকাছি আসতেই হয়। এই ভিড়ের দেশে মানুষ বেরোলে মানবসমুদ্র হতে সময় লাগে না। তাই সতর্কতার বিকল্প নেই।

বাইরে-ঘরে সতর্কতা

জুন থেকে স্বল্প পরিসরে, সেপ্টেম্বর থেকে পুরোপুরি চালু হয়েছে গণপরিবহন। এখন আর দুই সিটে একা যাতায়াতের সুযোগ নেই। অধিকাংশ অফিস-আদালত চলছে। নিয়মিত বাজার করতে হচ্ছে। মুসল্লিরা মসজিদে নামাজে যাচ্ছেন।

চাচা আপনা বাঁচা। নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে। জনস্বাস্থ্যবিদেরা বলে চলেছেন, ভালো মাস্ক পরা আর ঘন ঘন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া হচ্ছে সুরক্ষার মূল তরিকা।

বাসে-রিকশায়-গাড়িতে মাস্ক খুলে কিছু খাওয়া চলবে না। হাতব্যাগটি ছোট হলে অন্যের ছোঁয়া লাগার সম্ভাবনা কমে। যাতায়াতের পথে আরেকটি প্লাস্টিকের বড় থলেতে সেটা ভরে রাখলে আরও ভালো।

যথেষ্ট হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক সংরক্ষণ করেও আমরা অনিরাপদ, যদি অফিসে বসার জায়গাটি নিজেই পরিচ্ছন্ন না রাখি। অফিসে পৌঁছে পা ধুয়ে আরেক জোড়া জুতা বা স্যান্ডেলে পা গলিয়ে দিলে নিজেরই পরিচ্ছন্ন লাগে। সম্ভব হলে গন্তব্যে পৌঁছে পোশাক বদলে নিন।

খাবারটি বাড়ি থেকে সঙ্গে নিলে সবদিক থেকে নিরাপদ। পারতপক্ষে অন্যের কি-বোর্ড বা মাউস ব্যবহার করবেন না। সহকর্মীর সঙ্গে নিরাপদ দূরত্ব রাখুন, তবে তাঁকে দূর দূর করবেন না যেন। ঘেঁষাঘেঁষি করে না বসে, হাত না মিলিয়েও আমরা পরস্পরের কাছে হতে পারি সহমর্মিতায়।

অনেক বিপণিবিতান ক্রেতার জন্য সময় বেঁধে দিচ্ছে। কাঁচাবাজারে কাজটি নিজেকেই করতে হবে। শুকনো খাবার একবারে বেশি করে কিনলে বারবার বাজারে যেতে হয় না। বাড়ি ফিরে সবার আগে বাজারের পোশাকটি ধুয়ে গোসল সেরে নিন।

কারওয়ান বাজারের ফুটপাতে সারি সারি চায়ের দোকানের কেটলিগুলো আবার সারাক্ষণ ফুটে চলেছে। আশপাশের অফিস থেকে সহকর্মীরা ভিড় করছেন। ভাঙছে সামাজিক দূরত্ব, বাড়ছে সংক্রমণের শঙ্কা।

জায়নামাজটি হাতে নিয়ে মসজিদে ঢুকুন। বাসায় অজু সেরে গেলে ঝুঁকি কমে। নামাজ আদায়ের সময় মাস্ক খোলা চলবে না। মুসল্লিদের মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব যেন থাকে।

ঘরকে সুরক্ষিত রাখা বড় দায়িত্ব। জুতা রাখুন বাইরে। ঘরে ঢুকেই সাবানপানিতে হাত ধুতে ভুলবেন না। গোসল সেরে কাপড় ধুয়ে বেরোলে তারপর বাসার বয়স্ক আর বাচ্চাদের কাছে যাওয়া যাবে। খাবারের তালিকা যেন প্রয়োজনীয় পুষ্টি জোগায়। আর শরীরচর্চা করতেই হবে।

দাওয়াতে, অনুষ্ঠানে, উৎসবে

ইদানীং বিয়ে বা মিলাদ মাহফিলে ২০০ মানুষও ডাকা যাচ্ছে। প্রশাসনের বিধিনিষেধ, জরিমানার নিয়ম কিছুটা শিথিল হয়েছে। পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় সেখানেও বাড়ছে ভিড়।

যুক্তরাষ্ট্র বা কানাডায় আপ্যায়নে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মানুষজন যথেষ্ট ভাবনাচিন্তা করেন। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের কয়েক পর্বে ডাকা হচ্ছে। সময় ও ব্যয়বহুল বলে এ পদ্ধতি বাংলাদেশে খাটবে না।

আপনি বরং নিজেই বেছে বেছে অনুষ্ঠানে যাবেন। আর মাস্কটি সেখানেও মুখে আঁটা থাকুক। দূরত্বের রীতিও বজায় থাকুক। সুইডেন বরাবরই সঙ্গ-নিরাপত্তার দায়িত্ব ছেড়ে রেখেছে নাগরিকদের ওপর। তাদের ভরসা নাগরিক সচেতনতায়।

বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সালও নিজের সতর্কতার ওপর জোর দিলেন। মাস্ক, মাস্ক এবং মাস্ক। এ প্রতিবেদককে তিনি বলেন, মাস্ক পরার অভ্যাস হাসপাতাল, বাজার-দোকান, পুলিশের চেকপোস্ট থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

আবু জামিল বলছেন, মাস্কের মান নিজে যাচাই করে নেওয়া জরুরি। যাচাইয়ের উপায়? মাস্কে কাপড়ের তিনটি স্তর থাকা চাই। আছে কি না, তা বোঝার জন্য মোমবাতিতে ফুঁ দিন। যদি আলো নিভে যায়, তার মানে মাস্কটি অভেদ্য নিরাপদ নয়।

যখন স্কুল খুলবে

গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি গড়াতে গড়াতে অক্টোবরের শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে। কোনো না কোনো দিন তো ছুটি শেষ হবেই। কিন্তু করোনা হয়তো তখনো থাকবে।

ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল যখনই খুলুক, কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। নিয়মগুলো বলছে, বড়দের করণীয় বেশি। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, হাত ধোয়াসহ অন্য সব স্বাস্থ্যবিধি মানতে হবে। শিশুদের জন্য মাস্কের পর্যাপ্ত জোগান থাকা চাই।

স্কুলের বেঞ্চে তিন ফুটের তফাতে বসানো চাই। অবকাঠামো ও শিক্ষার্থীর সংখ্যা বুঝে একাধিক পালা বা সপ্তাহের একেক দিন একেক শ্রেণির পাঠদানের পরিকল্পনা করতে হতে পারে।

চেয়ার-টেবিল থেকে শুরু করে দরজা-জানালার পাল্লাও জীবাণুমুক্ত করতে হবে। শৌচাগার ঘন ঘন পরিষ্কার করতে হবে। সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি, সাবান আর স্যানিটাইজার রাখতে হবে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ঘরে থাকার পর স্কুলে ফিরবে। তার মনমানসিকতা থাকবে অন্য রকম। কেউ হয়তো অতি উচ্ছ্বসিত থাকবে। কেউ আবার ভীতসন্ত্রস্ত থাকবে। একই মাঠ, একই শ্রেণিকক্ষে সে ফিরবে নতুন অভিজ্ঞতা ও সতর্কতা নিয়ে।

তার ওপর সহপাঠীর সঙ্গে বই টেনে নিয়ে পড়া বা টিফিন ভাগ করে খাওয়ার স্বাধীনতা আর এখন তার জীবনে থাকবে না। বন্ধুর সঙ্গে হাত মেলানো, কোলাকুলি তো দূরের কথা। শিক্ষক আর অভিভাবকদের শিশুমনের সম্ভাব্য অবস্থাগুলো বুঝতে হবে।

মনকে সুস্থ রাখা

বিশ্বের শিশুদের জন্য ইউনিসেফ করোনাকালে বারবার গুরুত্ব দিচ্ছে মানসিক স্বাস্থ্যের বিষয়ে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে শিশু যত দ্রুত মানিয়ে নিতে পারবে, সে রোগ প্রতিরোধের মতো মনের জোরও পাবে। নতুন স্বাভাবিকতার রীতিনীতি শিশুরা মনের আনন্দে শিখুক। যুক্তরাষ্ট্রে ওয়াইএমসিএ ডে-কেয়ারের বাচ্চাদের দুই হাত ছড়িয়ে দিয়ে উড়োজাহাজ হতে শেখাচ্ছে। এভাবে পাশের শিশুটির সঙ্গে নিরাপদ দূরত্বে থাকা তারা শিখে যাচ্ছে। শারীরিক দূরত্বে থেকেও মানসিকভাবে সংযুক্ত থাকা যায়। এটা অনুভব করলে মানুষ সুস্থ থাকে।
সু-অভ্যাস গড়ে তুলতে হবে নিজের চেষ্টায়। আর সে অভ্যাসগুলো রপ্ত করতে যেন মানসিক চাপ তৈরি না হয়।

অধ্যাপক বেনজির আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশে কালাজ্বর নিয়ন্ত্রণ সম্ভব হয়েছিল, কিন্তু করোনা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তাঁর মতে, এর বড় কারণ সরকার মানুষকে সচেতন করতে পারেনি। এই জনস্বাস্থ্যবিদ বলছেন, শুধু গণমাধ্যমে প্রচারণা যথেষ্ট নয়। ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থানীয় প্রধান ব্যক্তিটিকে সচেতনতা সৃষ্টির দায়িত্ব দিতে হতো।

বাংলাদেশে নিয়ম মানা অথবা মানানোর উদ্যোগ কম। কিন্তু মানুষকে বুঝতে হবে যে লকডাউন নেই বটে, কিন্তু করোনাভাইরাস বিদায়ের সুখবর এখনো কেউ দিচ্ছে না। অতএব কোভিডের ছায়ায় নিজে নিরাপদে থেকে, অন্যকে নিরাপদে রেখে চলেফিরে বসবাসই নিয়তি।