করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা একটায় বঙ্গভবনে সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেছেন, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম টিকার দ্বিতীয় ডোজ নেন।
এ সময় তাঁদের পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম করোনা টিকার প্রথম ডোজ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয় এবং গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ বেশি মানুষ প্রথম ডোজ টিকা নেন। আর ৫ মে পর্যন্ত প্রায় ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।