করোনার টিকার নিবন্ধন করেছেন বিদেশগামী ২২,৬০০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ছবি : রয়টার্স

বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার অপেক্ষায় থাকা ২২ হাজারের বেশি শিক্ষার্থী করোনাভাইরাসের টিকা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী যাবেন চীনে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চীনে যাওয়ার অপেক্ষায় থাকা ৮ হাজার ৭১৫ শিক্ষার্থী করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন শুরু হয়েছিল। দ্বিতীয় দফা সময় বাড়ানোর পর এই নিবন্ধনকাল শনিবার শেষ হচ্ছে।

করোনা সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে চীন, কানাডা, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৭১৫, ২ হাজার ৮৪১, ১ হাজার ৯০৫, ১ হাজার ৮৩১, ১ হাজার ৩৯৫, ১ হাজার ২৫৫ ও ৬৩৩ জন।

বিদেশগামী শিক্ষার্থীদের এসব আবেদন যাচাই শেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন। এ পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।