করোনার পর স্কুলে মেয়েদের উপস্থিতি বেশি

জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। নভেম্বর ও ডিসেম্বরে চালানো এক জরিপ বলছে, তখন অনেক শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল।

মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিভেদে ২৮ থেকে ৪১ শতাংশ ছাত্রী এবং ৩৪ থেকে ৪৫ শতাংশ ছাত্র অনুপস্থিত ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের অনুপস্থিতির হার ছিল ১৪ থেকে ৩৫ শতাংশ। ছাত্রদের ক্ষেত্রে তা ছিল ১৬ থেকে ৩৭ শতাংশ। ফলে দেখা যাচ্ছে, তুলনামূলকভাবে ছাত্রীদের অনুপস্থিতির হার কম ছিল।

‘নিরাপদ ইশকুলে ফিরি’ শিরোনামের প্রচারণার অধীন জরিপটি করেছে ২১টি বেসরকারি উন্নয়ন সংস্থা। জরিপের তথ্য সংগ্রহ করা হয় ২০২১ সালের ১৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। জরিপে দেশের ৩২৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৬০৬ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। জানানো হয়, ওই সময় প্রাথমিকে ৬৫ থেকে ৮৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। মাধ্যমিকে হার ছিল শ্রেণিভেদে ৫৭ থেকে ৬৯ শতাংশ। শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণগুলো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, বাল্যবিবাহ, পরিবার এক এলাকা থেকে আরেক এলাকায় স্থানান্তিত হওয়া, মাদ্রাসাসহ অন্যান্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাওয়া, দীর্ঘ ছুটির কারণে পড়াশোনায় অনাগ্রহ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন। সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনসের ডিরেক্টর টনি মাইকেল গোমেজ। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাকের গবেষক এ এস এম জুয়েল।

শিক্ষামন্ত্রী বলেন, বাল্যবিবাহের শিকার শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে তৃণমূলে গিয়ে কাজ করতে হবে।

‘নিরাপদ ইশকুলে ফিরি’ প্রচারাভিযান পরিচালনা করছে ব্র্যাক, ব্রিটিশ কাউন্সিল, গণসাক্ষরতা অভিযান, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থা।