করোনার মাঝে স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

কিছু লেখা অধরা থেকে যায় হৃদয় গহিনে, কিছু নীরবতার ভাষা, দুঃখ নেয় খুঁজে।

আসলে আমরা সবাই সবার জীবনে আস্ত একটা ডায়েরি, যেটা মৃত্যুর আগে কোনো দিন লেখা শেষ হবে না। ব্যাপারটা এমন যে, আমি জন্ম থেকেই ডায়েরি লিখতে না শুরু করলেও খুবই ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। যা ইচ্ছা হতো লিখতাম, আঁকতাম, হিজিবিজি করতাম রং পেনসিল দিয়ে।

রঙিন ডায়েরি দেখলেই শখ হতো একটা রঙিন ডায়েরি পাওয়ার। আমার জীবনের অমূল্য স্থাবর সম্পত্তি ছিল একটি ডায়েরি। বহু বছর তার কোনো খোঁজ নেই। প্রতিদিনের ব্যস্ত জীবন, টানাপোড়েন, চাহিদা, দুঃখ—সব বয়ে বেড়াতে হলেও আর যা-ই হোক না কেন, পুরোনো ডায়েরি খুঁজে বের করার তাগিদ থাকলেও সেটা বাস্তবায়িত হয় না। খুশির ব্যাপার হলো এই যে, কোয়ারেন্টিন শুরু হওয়ার পরে সবাই যখন হই হুল্লোড়কে তুচ্ছ করে অবসাদে ক্লান্ত করছিল মন, আমি তখন ঠিক করলাম ওই ডায়েরিটা খুঁজে বের করব। যেমন ভাবা তেমন কাজ।

সারা সংসার তছনছ করে অবশেষে পেলাম আমার গুপ্তধন। ধুলো ঝেড়ে ভালো করে স্যানিটাইজ করে পড়তে বসলাম। লেখা পেলাম, প্রথম পৃষ্ঠায়, ‘মা তুমি খুব ভালো’ আর হাতে আঁকা সূর্যমুখী ফুল। মনটা খুশি হয়ে গেল। দ্বিতীয় পৃষ্ঠা, ‘বড় আপু আমাকে আজ মেরেছে, খুব লেগেছে।’ সঙ্গে একটা আপেল আঁকা। তৃতীয় পৃষ্ঠা, ‘বাবার সাথে দেখা হয় না অনেক দিন..!’ কোনো আঁকা নেই এ পাতায়। চতুর্থ পৃষ্ঠা, ‘আমি বাংলায় ৯৯ পেয়েছি, দিদিমণি বলেছে আমি বড় হয়ে ভালো লেখক হব।’ পঞ্চম পৃষ্ঠা, একটা গান লেখা, রবীন্দ্রসংগীত। ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস ...’ পুরো গানটাই লেখা। নিশ্চয়ই দেখেই লিখেছিলাম। শুধু এটুকু মনে আছে, এটা আগে গুনগুন করে গাইতাম। ষষ্ঠ পৃষ্ঠা, ‘মা তুমি একটুও কাঁদবে না, কেউ ভালো না, আমি তোমায় বড় হয়ে নিয়ে চলে যাব অনেক দূরে, চাকরি করব। ওখানে দুজন মিলে থাকব।’ আর পারিনি পড়তে, পড়তেও চাই না আর। তার আগেই চোখগুলো লাল হয়ে গেল।

বিকেলবেলা নদীর পাড়ে একা একা বসে আছি। সূর্য তখন অস্তাচলে যাওয়ার সময় হয়ে এসেছে। সূর্য অস্তাচলে গেলেই চারদিকে আঁধার নেমে আসবে। তবুও বাড়িতে এখনই যেতে ইচ্ছে করছে না। মনে হয় আরেকটু থেকে যাই। ঝিরিঝিরি হাওয়ায় শিরশির প্রকৃতির ছোঁয়ায় বেশ ভালোই লাগছিল। নদীটা স্থির হয়ে আছে। শীতের দিন তো, তাই। কানে হেডফোন দিয়ে গান শুনছি। কেন জানি মনে হচ্ছিল আজ আমি এখানেই থেকে যাই। কিন্তু কী আর করা। আঁধারে তো আর থাকা যাবে না। যেতে হবে বাড়ির দিকে। সূর্য অস্তাচলে গেল। সূর্য হয়তো আমায় ইশারা করে বুঝিয়ে দিল, ‘এখন তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। আঁধারে থাকা যাবে না আর, কাল ভোরের আলো ফুটলে এসো আবার।’ আমিও বাড়ির দিকে রওনা হলাম। সূর্য যেমন বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে এলাম। বিকেলের এই সুন্দর মুহূর্তগুলো হয়তো সবার জীবনে আসে না। কিন্তু আমার জীবনে আসে প্রতিদিন। কিন্তু এ সুখগুলো আজ থমকে দাঁড়িয়ে গেছে।

কত দিন চোখে পড়ে না গোধূলির সেই রঙে মেশা কোনো বাউলের গান, তিন শালিকের ঝগড়া আর দুইয়ের অভিমান। তাদের এই অভিমান ভাঙানোর অপেক্ষায় আছি।

*লেখক: শিক্ষার্থী: দ্বাদশ শ্রেণি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া