করোনার ‘র‍্যাপিড কিটের’ অনুমোদন শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। আর করোনা থেকে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায়। দুটি পরীক্ষাই খুই কম সময়ে ও সহজে করা যায়। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে অবশেষে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি র‍্যাপিড কিটের অনুমোদন দিতে যাচ্ছে সরকার।

বিষয়টি নিয়ে আজ-কালের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে জনস্বাস্থ্যবিদ এবং বিশেষজ্ঞদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা হবে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা করা যায় মাত্র ২০ মিনিটে। এমনকি ঘরেও এই দুটি পরীক্ষা করা যায়। জরুরি সেবা নিতে আসা নন-কোভিড রোগী, গর্ভবতী নারী ও অন্যান্য রোগীর অ্যান্টিজেন পরীক্ষা করে চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। অ্যান্টিজেন পরীক্ষার সুবিধা হচ্ছে, সহজে

  • জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত ৩ জুন অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা চালুর পক্ষে মত দেয়।

  • গত ১৮ মার্চ গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিবডি শনাক্তে র‍্যাপিড কিট উদ্ভাবনের ঘোষণা দেয়।

যেকোনো জায়গায়, যে কেউ, কম খরচে এটি করাতে পারেন। দেশে শুরু থেকেই রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটিপিসিআর) পদ্ধতির মাধ্যমে করোনার পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষার ফল পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগছে। অনেক ক্ষেত্রে এক সপ্তাহও লেগে যায় পরীক্ষার ফল জানতে।

দেশে করোনা শনাক্তকরণ পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে সরকারের নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তের কারণে পরীক্ষার সংখ্যা আরও কমে এসেছে। জুনে প্রতিদিন ১৫ হাজার থেকে ১৮ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছিল। জুলাইয়ে সেটা ১৪ হাজারের নিচে নেমে আসে। এখন প্রতিদিন ১০ হাজার থেকে ১৩ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দ্রুত ও সহজে ফল জানার র্যা পিড টেস্ট অনুমোদন পেলে পরীক্ষার সংখ্যা বাড়বে। এটি করোনা রোগী শনাক্ত, মহামারিতে নেওয়া পরিকল্পনাসহ নানা নীতিনির্ধারণেও সাহায্য করবে। একটি কমিউনিটিতে কত মানুষ আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার পর কতজনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেটি নির্ণয় করা যাবে।

করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত ৩ জুন করোনা শনাক্তে এত দিন ধরে চলা আরটিপিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষা করারও সুপারিশ করেন। কমিটির বিশেষজ্ঞরা অ্যান্টিজেন পরীক্ষা চালুর পক্ষেও মত দেন।

দেশে করোনা সংক্রমণের শুরুর দিকেই গত ১৮ মার্চ গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিবডি শনাক্তের র্যা পিড কিট উদ্ভাবনের ঘোষণা দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা করে জানায়, এই কিট ৭০ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবডির উপস্থিতি প্রমাণ করতে পেরেছে। এই কিট দেশে করোনা রোগের ব্যাপকতা পর্যবেক্ষণে (সেরোসার্ভিলেন্স) ব্যবহার করা যেতে পারে বলে বিএসএমএমইউ তাদের মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেছে। পরে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের কিটের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি বাড়িয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন ও বিপণনের অনুমতি না দিয়ে নতুন নীতিমালা ও নতুন শর্ত আরোপ করেছে। যে প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে, সেগুলোর সুবিধা বর্তমানে বাংলাদেশে নেই। আর অ্যান্টিজেন কিটের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে যেসব পরীক্ষার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, সেগুলোর অধিকাংশই বিশ্বে নতুন এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি ল্যাবরেটরি ছাড়া কারও সেই সক্ষমতা নেই।

প্রত্যাশা করছি, গণস্বাস্থ্যকে র্যা পিড কিটের সাময়িক নিবন্ধন এবং বিপণনের অনুমতি দেওয়া হবে।’
মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কিট প্রকল্পের সমন্বয়ক

গণস্বাস্থ্য কিট প্রকল্পের সমন্বয়ক মুহিব উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, চার মাসেও গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের নিবন্ধন ও বিপণন লাইসেন্স পাওয়া যায়নি। ঔষধ প্রশাসন নীতিমালায় যে কাজগুলো নতুন করে করতে বলেছেন, সেগুলো বাংলাদেশে করা সম্ভব কি না সেটি বিবেচনায় নেয়নি। বাংলাদেশের স্থানীয় কোনো উদ্যোক্তা এ ধরনের কিট তৈরি করুক, ওষুধ প্রশাসনের মনোভাবে সেটি মনে হয় না। তিনি বলেন, ‘প্রত্যাশা করছি, গণস্বাস্থ্যকে র্যা পিড কিটের সাময়িক নিবন্ধন এবং বিপণনের অনুমতি দেওয়া হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা যায়, র্যা পিড টেস্ট বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে ৯ জুলাই মন্ত্রণালয় পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালার ওপর মতামত দেওয়ার জন্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করে। ভাইরোলজিস্ট (ভাইরাস বিশেষজ্ঞ) অধ্যাপক লিয়াকত আলীকে সভাপতি করে গঠিত এই বিশেষজ্ঞ কমিটি ৪ আগস্ট তাদের মতামতসহ নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে পাঠিয়েছে।

নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা কমিটির সদস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা প্রথম আলোকে বলেন, র্যা পিড কিটের অনুমোদন দেওয়ার বিষয়ে কমিটি ইতিবাচক। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি র্যা পিড পরীক্ষা সুবিধা সম্প্রসারণ করা গেলে বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে পরীক্ষার আওতায় নিয়ে আসা যাবে। কমিটি কয়েকটি বিষয়ে তাদের মতামত জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, র্যা পিড কিটের সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ও নির্দিষ্টকরণের (স্পেসিফিসিটি) মতো অনেক বিষয় থাকে। ভাইরোলজিস্টরা তাঁদের মতামত দিয়েছেন। চলতি সপ্তাহের বৈঠকে র্যা পিড কিটের বিষয়ে আলোচনা হবে।

বর্তমানে দেশে দিনে কমবেশি তিন হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছেন। শনাক্ত হওয়া এই তিন হাজারের একেবারে কাছাকাছি সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও পরীক্ষা করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা বলছেন। দেশে করোনায় আক্রান্ত রোগীদের অনেকেই উপসর্গহীন। তাঁদের চিহ্নিত করতেও পরীক্ষা বাড়ানো প্রয়োজন। বর্তমানের আরটিপিসিআর পদ্ধতিতে এঁদের সবার পরীক্ষা করা সম্ভব নয়। এসব দিক বিবেচনা করে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি র্যা পিড কিটের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময় বলা যাচ্ছে না, তবে দ্রুতই র্যা পিড কিটের অনুমোদন দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

র্যা পিড অ্যান্টিবডি টেস্ট কিটের জন্য প্রথমে গত ২৪ জুন একটি নীতিমালা চূড়ান্ত করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরে জুলাই মাসের মাঝামাঝি বিদেশ থেকে আমদানি এবং স্থানীয়ভাবে উৎপাদিত—দুই ভাগে ভাগ করে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি নীতিমালা তৈরি করা হয়। নীতিমালার ফাঁকফোকরে কিট আমদানির পথ সুগম করা হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। নীতিমালায় আমদানি করা কিটের দাম নির্ধারণে কিছু বলা হয়নি। তাই কিট আমদানির পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, কোনো নিয়মনীতির বরখেলাপ বা অসাধু ব্যবসা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

পাশের দেশ ভারতের অনেক রাজ্যে গত জুন মাস থেকেই র্যা পিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) দক্ষিণ কোরিয়া, ভারত ও বেলজিয়ামে উৎপাদিত তিনটি অ্যান্টিজেন কিটের অনুমোদন দিয়েছে। আইসিএমআরের নীতিমালায় বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এলেও কারও মধ্যে যদি উপসর্গ থাকে, তাহলে ওই ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে।

সার্বিক বিষয়ে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যান্টিজেন পরীক্ষা চালুর সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। ভালো মানের কিট পেলে সংগ্রহ করার পক্ষপাতী। কিন্তু দেশে যে পরিস্থিতি, যেখানেই কেনাকাটা সেখানেই টাকাপয়সা লেনদেনের বিষয় থাকে। ঔষধ প্রশাসন কিটের মান নির্ধারণ করে দিয়েছে। আজেবাজে কিট এনে পরীক্ষার নামে মানুষের কাছ থেকে যাতে টাকা হাতিয়ে না নেওয়া হয়, সেটি নিশ্চিত করতে হবে।