করোনার সংক্রমণ বাড়ায় সশরীরে পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়নে বাসে করে দেশের আটটি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ১৯টি বিভাগের বিভিন্ন বর্ষের বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীর করোনার উপসর্গও দেখা দিয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলায় করোনার সংক্রমণও বাড়ছে। জেলায় গতকাল ও আজ চারজন করে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এ অবস্থায় আজ শুক্রবার বিকেল চারটায় অনলাইনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বেড়েই চলছে। তার ওপর পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়ের চারটি হলে শত শত শিক্ষার্থীকে অবস্থান করতে হচ্ছে। মেসগুলোতেও পরীক্ষার্থী ঠাসা। এ অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন বিভাগের দু–একজন করে শিক্ষার্থী করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে বিভিন্ন বিভাগে বারবার পরীক্ষা স্থগিত করতে হচ্ছে। এ পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, হলে ও মেসে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা শহর দিয়ে বাড়িতে যাবে। এ জন্য কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বাস ব্যবস্থাপনা করবেন।