করোনার সঙ্গে হাজির হতে পারে ডেঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। করোনার ঝুঁকিতে এখন হাজারো মানুষ রয়েছে, তবু সব পেছনে ফেলে অবলীলায় চলছে নিয়ম না মেনে প্রয়োজনে বা অপ্রয়োজনে বাসা থেকে বাইরে বের হওয়ার প্রবণতা।

এই মহামারির চলমান অবস্থায় যোগ হচ্ছে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গুর প্রকোপ।

বেশ কিছুদিন পর্যায়ক্রমে বৃষ্টির ফলে এখন ডোবা, নর্দমা বা বিভিন্ন জায়গায় পানি জমছে। এর ফলে সৃষ্ট এডিস মশার মাধ্যমে ডেঙ্গু মানুষের জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পাশাপাশি মানুষের অসচেতনতার তীব্রতা বাড়াতে পারে, তাই এখন থেকেই সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সচেতনতা ও করণীয় হলো:
১.
বাসার আনাচে–কানাচে থাকা পুরোনো বালতি বা ব্যবহারের অনুপযোগী জিনিস অপসারণ করা

২.
ব্যালকনি বা ছাদে লাগানো ফুলের টব থাকলে সেদিকে নজর রাখতে হবে

৩.
বাসায় অব্যবহৃত কমোডের ঢাকনা বন্ধ রাখতে হবে

৪.
বাসার আশপাশে ময়লা–আবর্জনা বা পরিত্যক্ত কিছু থাকলে অপসারণ করতে হবে, যেন কোনোভাবে পানি জমতে না পারে

৫.
বৃষ্টি হলে পানি জমতে পারে বা পানি বেরোতে অসুবিধা হলে তেমন জায়গা চিহ্নিত করে পানিনিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে

৬.
বাসায় মশারির ব্যবহার বাধ্যতামূলক করতে হবে

৭.
সর্বোপরি আত্মসচেতনতা বৃদ্ধি করতে হবে

আমরা ডেঙ্গুর ভয়াবহতা গত বছরে দেখেছি। তাই করোনা মহামারির সঙ্গে ডেঙ্গুর প্রকোপ যেন না ছড়াতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো কিছুই ছোট করে দেখা বা অবহেলা করতে নেই। আমরা অনেকেই সবকিছু জানি, কিন্তু সঠিক প্রয়োগ বা নিয়মকানুন মানি না। তাই আক্রমণাত্মক হওয়ার আগেই সবাই প্রতিরোধব্যবস্থা গ্রহণ করলে আমাদের জন্য ডেঙ্গু ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হবে না।

করোনা রোধে সবাই আবার সচেতনতার কথাগুলো স্মরণ করি। মেনে চলি সব নিয়মকানুন। তাহলে আবার আমরা সুস্থ দেশকে ফিরে পাব। নিজে সচেতন হই এবং নিয়ম মেনে চলি, পাশাপাশি অন্যকে উৎসাহিত করি তার সঠিক পথ অবলম্বনের জন্য। বাসায় থাকি, সুস্থ থাকি এবং পরিবার ও দেশকে ঝুঁকিমুক্ত রাখি।

লেখক: শিক্ষার্থী, ফার্মাসি বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ