করোনায় আক্রান্ত শিশুটির ঘোরাঘুরি, হাসপাতাল ছাড়ল রোগীরা

করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর সাত বছরের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যে সে বিভিন্ন বাড়িতে গেছে। এমনকি হাসপাতালেও ঘোরাঘুরি করেছে। পরে শিশুটিকে শনাক্ত করে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়।
এদিকে ওই ঘটনার পর আজ শনিবার রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে যান। ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে কোনো রোগী ভর্তি নেই বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফিরোজ আলম।
গতকাল শুক্রবার নমুনা পরীক্ষার পর জেলায় দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রানীশংকৈল উপজেলার সাত বছরের ওই শিশুটি রয়েছে। করোনা শনাক্তের খবর পেয়ে শিশুটির খোঁজ করতে শুরু করে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। কিন্তু হাসপাতালের রেজিস্ট্রারে দেওয়া ঠিকানায় গিয়ে শিশুটিকে না পেয়ে তারা ফিরে আসে।
হাসপাতালের ওয়ার্ডে শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে আজ বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাকে চিনতে পারেন। পরে হাসপাতালের সিসি টিভির ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলিয়ে শিশুটিকে শনাক্ত করা হয়।
পরে শিশুটির মা জানান, হাসপাতালে তাঁর এক স্বজন চিকিৎসা নিচ্ছেন। মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ওই স্বজনের জন্য খাবার নিয়ে এসেছিলেন। ওই সময় তাঁর মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছে, তা তিনি জানেন না।
এরপরই শিশুটিকে তার মাসহ হাসপাতালের আইসোলেসন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ঘুরে বেড়ানোর খবরে অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রোগীরা এক এক করে হাসপাতাল ছেড়ে যান। রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলম বলেন, হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী আসার খবরে আতঙ্কে ভর্তি অনেক রোগী রাতেই হাসপাতাল ছেড়ে চলে যেতে শুরু করেন। আজ দুপুর নাগাদ হাসপাতালের শয্যা সব ফাঁকা হয়ে যায়। এখন সেখানে আইসোলেসন ইউনিটে থাকা রোগী ছাড়া আর কোনো রোগী নেই।
ফিরোজ আলম বলেন, ‘আমরা করোনায় আক্রান্ত শিশুটির সংস্পর্শে আসা রোগীদের নাম–ঠিকানা ও মুঠোফোন নম্বর নিয়ে রেখেছি। পরে তাঁদের নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছি।’
হাসপাতালে চিকিৎসা নিতে এসে হারুন আর রশিদ নামের এক রোগী বলেন, করোনা শনাক্ত হওয়ার পর একজন রোগী কীভাবে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়—এটা ভাবতেই ভয় হচ্ছে। এই এক শিশুর মাধ্যমে যে আরও কতজন করোনায় আক্রান্ত হবে, ভাবতে পারছি না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ১৩ এপ্রিল শিশুটির সঙ্গে এক বৃদ্ধা এসেছিলেন। তিনি মেয়েটির ঠিকানা ভুল দিয়েছিলেন। পাশাপাশি শিশুটির পরিবার অসহযোগিতা করায় তাকে খুঁজে পেতে কষ্ট হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে শিশুটিকে চিহ্নিত করতে পেরেছি।
রানীশংকৈল উপজেলায় করোনা প্রতিরোধে সমন্বয় দলের দায়িত্বে আছেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার সোহাগ চন্দ্র সাহা। তিনি বলেন, এরই মধ্যে শিশুটির পরিবার ও আশপাশের বাড়িসহ গ্রামের ৩৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। যার সংস্পর্শে শিশুটির শরীরে করোনা সংক্রামিত হয়েছে, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, শিশুটি কীভাবে করোনায় আক্রান্ত হলো, সে এলাকায় কার কার সঙ্গে মিশেছে, তা চিহ্নিত করতে তথ্য–উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। শিশুটির সংস্পর্শে আসা সবারই নমুনা পরীক্ষা করা হবে।