করোনায় আক্রান্ত ৯৬৫ জন বিচারক-কর্মচারী, মৃত্যু ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় অধস্তন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী করোনায় আক্রান্ত হন। বিচারকদের মধ্যে ২৬৪ জন সুস্থ হয়েছেন ও দুজন মারা গেছেন। আর ৫৯ জন বিচারক চিকিৎসাধীন।

অন্যদিকে ৬৪০ জন সহায়ক কর্মচারীর মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন এবং ৮ জন মারা গেছেন। বাকি ১৪৩ জন কর্মচারী চিকিৎসাধীন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিচারক, সহায়ক কর্মচারীসহ সব মিলিয়ে ৯৬৫ জন করোনায় আক্রান্ত হন, যাঁদের মধ্যে ৭৫৩ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১০ জন। করোনায় আক্রান্ত বিচারক ও সহায়ক কর্মচারী মিলিয়ে ২০২ জন চিকিৎসাধীন।

করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ গত বছরের ২৪ জুন মারা যান, যা করোনায় আক্রান্ত হয়ে কোনো বিচারকের প্রথম মৃত্যু। সর্বশেষ ২৮ জুলাই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) মারা যান।