করোনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রণোদনার আহ্বান
করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে জীবিকার সংকটের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী ও কিশোরীরা স্বাস্থ্যসেবার সংকটেও রয়েছে। সঠিক চিকিৎসাসুবিধা না পাওয়া এবং প্রয়োজনীয় উপকরণের অভাবে তাঁরা ঝুঁকিতে আছে জানিয়ে তাঁদের জন্য আর্থিক প্রণোদনাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ‘কোভিড-১৯–এর নতুন বাস্তবতায় পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করে।
সভায় আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব চঞ্চনা চাকমা মূল বক্তব্য উপস্থাপন করেন। সেখানে বলা হয়, বাংলাদেশের তিন পার্বত্য জেলায় যৌন এবং প্রজননস্বাস্থ্যের অব্যবস্থাপনার চিত্র বেশি করুণ। প্রজননস্বাস্থ্য সমস্যার সঙ্গে এই অঞ্চলে যুক্ত আছে ভৌগোলিক অবস্থা, অপ্রতুল স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা, সামাজিক প্রথা, আদিবাসীদের প্রথাগত নিয়মনীতি, জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক অবস্থা। যাতায়াতব্যবস্থাসহ নানা প্রান্তিকতার কারণে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের জন্য পরিস্থিতি সব সময়ই কঠিন, করোনা পরিস্থিতিতে তা আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক এখনো প্রতিষ্ঠা হয়নি।
সিমাভির ব্যবস্থাপক মাহবুবা হক বলেন, করোনাকালীন জীবিকার সংকটে নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি উপেক্ষিত হচ্ছে সবচেয়ে বেশি। দুর্গম এলাকাগুলোতে মাসিককালীন প্রয়োজনীয় স্যানিটারি উপকরণ, নিরাপদ পানির সরবরাহ, অন্যান্য স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার এবং প্রয়োজনীয় ওষুধগুলো আগেও সহজলভ্য ছিল না। অধিকাংশ ক্ষেত্রে কিশোরী ও নারীরা তাঁদের মাসিককালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবহার করছেন। যে কারণে যৌন ও প্রজনন অঙ্গের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
করোনায় নারীর জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা পরিস্থিতি ব্যাহত করেছে বলে জানান জেন্ডার ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ জুলিয়া আহমেদ।
আলোচনায় বক্তারা কিছু সুপারিশ করেন, পার্বত্য চট্টগ্রামে অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য মোবাইল সার্ভিসের দোকানগুলোকে সার্ভিস পয়েন্ট বানানো যেতে পারে, যেখানে মোবাইল ফি দিয়ে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। ওয়ার্ড পর্যায়ে কমপক্ষে একজন করে নারীকে স্বাস্থ্য ও ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ, অপারেশনের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের জোগান নিশ্চিত করতে হবে। দুর্গম এলাকা বিবেচনায় অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে। জীবিকা–সংকটে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থায় এককালীন আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করতে হবে।
সভা পরিচালনা করেন বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী। আরও বক্তব্য দেন দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান, বিএনপিএসের পরিচালক খোন্দকার আরিফুল ইসলাম, রাঙামাটির মেডিকেল অফিসার মো. মোস্তফা কামাল, বান্দরবানের মেডিকেল অফিসার ক্যথোয়্যাই প্রুপ্রিন্স প্রমুখ।