করোনায় বেড়েছে মানব পাচারের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ও মানবপাচার
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বব্যাপী চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করায় অভিবাসীদের বিদেশযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ফলে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও আয় কমে যাওয়ায় বিশ্বজুড়ে মানব পাচারের ঝুঁকি আরও বেড়ে গেছে।পাচারে প্রলুব্ধ করতে টিকটক, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। বিশ্ব মানব পাচারবিরোধী দিবস ২০২১ সামনে রেখে আজ বুধবার আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

৩০ জুলাই বিশ্ব মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক অন মাইগ্রেশনের (বিডিইউএনএনএম) অধীনে কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (সিটিআইপিটিডব্লিউজি) ওয়েবিনারের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ক্ষতিগ্রস্তদের কণ্ঠস্বর পথ দেখায়’। ওয়েবিনারের শুরুতে পাচারের শিকার কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বক্তব্য তুলে ধরা হয়।

ওয়েবিনারে বলা হয়, বিপদে থাকা অভিবাসীরা প্রায়ই পাচারকারীদের লক্ষ্যবস্তু হয়ে থাকেন। অনেকেই পাচারের শিকার হয়ে ঋণগ্রস্ত হন। জোরপূর্বক শ্রম, যৌন নির্যাতন, বিয়ে ও আধুনিক দাসত্বের মতো পরিস্থিতির শিকার হন তাঁরা। বাংলাদেশ মানব পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুদের জন্য উৎস ও ট্রানজিট দেশে পরিণত হয়েছে।

এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, মানব পাচার একটি মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে এর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। অভিবাসীদের পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সব অংশীজনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন, কোভিড-১৯ অভিবাসীদের সুরক্ষার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। এই মহামারি কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ওয়েবিনারে বিডিইউএনএনএমের সমন্বয়ক এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, মানব পাচার হলো এমন একটি অপরাধ, যা অভিবাসী শ্রমিকদের শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে ঠেলে দেয়। ফলে তাঁরা হয়রানি, জোরপূর্বক শ্রম, অবৈধ বিবাহ, অবৈধ বাণিজ্য ও জীবন হারানোর মতো ঝুঁকিতে পড়েন।

জাতিসংঘের মানব পাচারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার (দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) সিউবহান মুলালি বলেন, কোভিড-১৯–এর প্রভাব মানব পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। শিশু পাচার বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা করে খুব দ্রুত ভূমিকা নিতে হবে।

ওয়েবিনারে উপস্থাপিত নিবন্ধে বলা হয়, করোনার প্রভাবে বাধ্য হয়ে বিভিন্ন দেশ থেকে চার লাখের বেশি প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরপর ৭০ শতাংশ কর্মী কাজ পেতে সমস্যায় পড়ছেন। মানব পাচারের শিকার হয়ে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবছর আনুমানিক সাত লাখ বাংলাদেশি বিদেশে অভিবাসনকালে যে ঝুঁকির সম্মুখীন হন, তার ওপরও আলোকপাত করা হয়।

মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সরকার, বৈশ্বিক অংশীদার, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।