করোনায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের পাশে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

‘মধুর ক্যানটিন’ মধুর দুটো শব্দ। এটিকে ঘিরে রচিত হয়েছে বহু ইতিহাস। স্বদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহস্র উত্থান-পতনের নীরব সাক্ষী এই ক্যানটিন। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে এমন অজস্র স্থায়ী, ভ্রাম্যমাণ ক্যানটিন, দোকান। যাঁদের আয়ের উৎস বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ। মৌলিক চাহিদার ভারসাম্যের এক অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাপীঠগুলোতে দৃশ্যমান। এখানে কেউ পড়াশোনা করতে আসেন। অন্য কারও মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্রের জোগান মেলে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে সাধারণ ছুটি চলছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, যা গড়িয়েছে দেড় মাসে। ফলে স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাদের দুর্ভোগ তুঙ্গে। টানা দেড় মাসের বন্ধে তাঁদের খুদে ব্যবসা লাটে ওঠায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন বেশির ভাগই। ক্ষেত্রবিশেষে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। মানবিক বিবেচনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছেন ভ্রাম্যমাণ এসব খাদ্য বিক্রেতার।

উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, ক্যাম্পাসে ছোট দোকানগুলো দিয়ে সংসার চালানো ব্যক্তিরা, যাদের আমরা মামা বলে ডাকি, যারা আমাদের দেখলেই একটা হাসি দিয়ে কথা বলে, তারা হয়তো এখন ছেলেমেয়ে নিয়ে না খেয়েই দিনাতিপাত করছে। তাই আমরা চাইছি এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে। কারণ, তারাও আমাদের পরিবারের অংশ, তাদের বাদ দিয়ে আমরা ভালো থাকতে পারি না।
এই শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে এমন প্রায় ১৫ জন খাদ্য বিক্রেতা রয়েছে। আপাতত তারা প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে এই লক্ষ্যে তারা ফান্ড গঠনের কার্যক্রম শুরু করেছেন এবং বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। বিজ্ঞপ্তি