করোনায় মারা যাওয়া চিকিৎসক মঈনের দাফন হবে সুনামগঞ্জে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের (৪৭) লাশের দাফন হবে সুনামগঞ্জে। জেলার ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নাদামপুর গ্রামে ওই চিকিৎসকের বাড়ি। তাঁর বাবার নাম ছিদ্দেক আলী মুন্সী।
গ্রামের বাড়িতে লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির। তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বুধবার রাতেই তাঁর লাশ দাফন সম্পন্ন হবে। একটি অ্যাম্বুলেন্সে করে লাশ ঢাকা থেকে প্রথমে সিলেটে এবং পরে সুনামগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।
এর আগে আজ ভোরে ওই চিকিৎসক ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। ওই চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ওই চিকিৎসকের পরিবারের সব দায়িত্ব সরকার বহন করবে।
চিকিৎসক মঈন উদ্দিন সিলেট নগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তাঁর স্ত্রীও চিকিৎসক। তাঁদের দুই সন্তান আছে। ৫ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৭ এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘চিকিৎসকের পরিবারের সদস্যদের ইচ্ছায় লাশটি সংক্রামক বিধির সব ধরনের নিয়ম অনুসরণ করে সিলেটে পাঠানো হয়েছে। দুপুরে আল-মারকাজুলের কর্মীরা লাশের গোসল করিয়েছেন।’
বিকেল পাঁচটায় ইউএনও গোলাম কবির বলেন, লাশ নিয়ে সিলেটের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জে আসতে হয়তো রাত আটটা থেকে নয়টা বাজতে পারে। আসার পরই লাশ দাফন করা হবে।
আরও পড়ুন...