করোনায় সাংবাদিক-অনুবাদক আবীর হাসানের মৃত্যু
সাংবাদিক, অনুবাদক আবীর হাসান মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবীর হাসান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
আবীর হাসান একাধারে সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক, কবি ছিলেন। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিদেশি সাংবাদিকদের ‘গাইড’ হিসেবে কাজ করেন।
তারুণ্যে ফিলিস্তিন, চাদ, পূর্ব তিমুর, ফিজিতে কখনো যোদ্ধা, কখনো সাংবাদিক হিসেবে কাজ করেছেন আবীর হাসান।
সাবেক নভোস্তি প্রেস, বর্তমান রয়টার্সের সঙ্গে কাজ করার সময় ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আবীর হাসান। তিনি সর্বশেষ রেডিও আমার-এর হেড অব নিউজ ছিলেন।
আবীর হাসান গত ১৯ জুন রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, আজ সকালে আবীর হাসানের শারীরিক অবস্থার অবনতি হয়। সকাল সাড়ে ৮টায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসকের বরাত দিয়ে মেয়ে অমৃতা হাসান জানান, তাঁর বাবার ফুসফুসে ইনফেকশন হয়েছিল। তাঁর নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের জটিলতা ছিল। তিনি কয়েকবার স্ট্রোক করেছিলেন। শেষদিকে তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না।
আজ বাদ জোহর রাজধানীর গ্রিনরোডের বাসার কাছের মসজিদে আবীর হাসানের জানাজা হবে। জানাজা শেষে আজ গাজীপুরে নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে।
গত বছরের আগস্ট আবীর হাসানের স্ত্রী নাসরিন হাসান মারা যান।
আবীর হাসানের বাবা শিশুসাহিত্যিক হাসান জান। চাচা পটুয়া কামরুল হাসান ও অধ্যাপক বদরুল হাসান।
শৈশব থেকেই সাহিত্যের প্রতি আবীর হাসানের ছিল তীব্র অনুরাগ। তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ ও কিশোর উপন্যাস রয়েছে।