করোনায় সাবেক আইজিপি হাদিস উদ্দিনের মৃত্যু
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ হাদিস উদ্দিন (৭২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
আজ শনিবার বাদ আসর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
হাদিস উদ্দিন ১৯৪৯ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা হাদিস উদ্দিন ৭ এপ্রিল ২০০৫ থেকে ৭ মে ২০০৫ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
আইজিপির শোক
সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মোহাম্মদ হাদিস উদ্দিন একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদান স্মরণ করছি।’ তিনি হাদিস উদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।