করোনায় সামাজিক এবং মানবিক দূরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাস একটি ছোট্ট জীবাণু, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় যার উপস্থিতি এখন সরগরম। করোনায় সামাজিক দূরত্ব নিয়ে আমাদের চিন্তার শেষ নেই, মানবিক দূরত্ব নিয়ে ভাবার সময় কই!

প্রসঙ্গ-১
করোনার সঙ্গে বসবাস। বিষয়টা ভয়ানক হলেও নির্মম সত্য। করোনাকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে আরও বেশ কিছু সময়। তাই বলে ভয় বা হতাশ হলে চলবে না। সচেতনতায় নিজেকে সহ আশপাশের সবাইকে নিয়ে মনস্তাত্ত্বিক বিষয়টা মেনে নিতেই হবে। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলা—এই দুটোই করোনা মোকাবিলার প্রথম শর্ত হিসেবে এখন মনে হচ্ছে।

প্রথমেই আসি আমাদের অতি পরিচিত একটি শব্দ ‘পিপিই’ প্রসঙ্গে। পিপিই একটি ইংরেজি আভিধানিক শব্দ, যার পূর্ণ অর্থ হচ্ছে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী) অর্থাৎ নিজেকে নিরাপদ করতে যেসব সামগ্রী দরকার যেমন কভারল, গ্লাভস, মাস্ক, চশমা প্রভৃতি। কী ধরনের মাস্ক বা গ্লাভস পরব, আর কী পরব না, এ বিষয়ে আমরা কম-বেশি সবাই জানি এত দিনে। পিপিই পরেই আমরা মোটামুটিভাবে সবাই ধরে নিই যে অন্তত আজ আমি করোনামুক্ত। বিষয়টা কি আসলেই তাই?

তাহলে কেন আমরা এত আক্রান্ত হচ্ছি! সবাই তো ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পরেই অফিসে যাচ্ছি, বাজার করছি, জরুরি কাজে বাইরে বেরোচ্ছি। কাজ শেষ হওয়ার পর বাসায় এসে সেই পিপিই বা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী কী করছি? একটু খুলে বলি, আমাদের ব্যবহৃত মাস্ক বা গ্লাভস ব্যবহার শেষ হওয়ার পর কি রাস্তা বা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, নাকি বারবার ব্যবহার করছি অনেকটা জীবাণুমুক্ত না করেই। রাস্তাঘাটে বা আবর্জনার স্তূপে প্রায়ই মাস্ক বা গ্লাভস পড়ে থাকতে দেখা যায়। এর থেকে কি জীবাণু ছড়াতে পারে না! অনেক অনেক বেশি ছড়াতে পারে। অনেকেই আমরা বাসায় প্রবেশের আগে রাস্তায় ফেলে যাচ্ছি আমাদের ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী। খুব সহজেই বাতাসের মাধ্যমে ছড়াতে পারে ক্ষতিকর অনেক জীবাণু। আবার সেটা যদি হয় কোনো করোনা-আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী, তাহলে তো কথাই নেই।

অনেকেরই কোনো উপসর্গ ছাড়াই করোনা ভাইরাস ছড়াচ্ছে। হাঁচি-কাশির মাধ্যমে বের হওয়া জলকণার মাধ্যমে খুব সহজেই সংক্রামক ভাইরাস-ব্যাকটেরিয়া বাতাসের ছড়িয়ে যেতে পারে যা কিনা অনেক সময় ধরে থাকতে পারে। কাজেই কোনো অবস্থাতেই ব্যবহৃত মাস্ক-গ্লাভসসহ যেকোনো ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা যাবে না।

আমরা এর মাধ্যমে ঝুঁকিতে ফেলছি সিটি করপোরেশন-পৌরসভার নিবেদিত প্রাণ আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের, যাঁরা কিনা প্রতিদিন এই বর্জ্য পরিষ্কার করছেন। তাঁদেরও পরিবার আছে, আছে বেঁচে থাকার তাগিদ। নীরবে-নিঃশব্দে আমরা অনেক ঝুঁকির মধ্যে প্রতিনিয়ত তাঁদের ফেলে যাচ্ছি। জীবাণুর বিস্তার-ব্যাপ্তি সম্পর্কে তাঁদের কতটুকুই বা ধারণা আমরা দিতে পেরেছি। আমরা কি একটু মানবিক হতে পারি না!

প্রসঙ্গ-২
পরিবার-পরিজন নিয়েই আমাদের বেঁচে থাকা। মা-বাবা সন্তানদের মানুষ করেন তাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। সন্তানেরা বড় হয়ে মা-বাবার পাশে দাঁড়াবে, এটাই শুধু চাওয়া। এক জীবাণু এসে সব সম্পর্ক যেন ছিন্ন করে ফেলল। করোনায় আক্রান্ত হলেই কেউ কাউকে চিনছে না। সন্তানের করোনা হলে মা-বাবা সম্পর্ক ছিন্ন করছেন, এমন ঘটনা নজিরবিহীন। কিন্তু আমরা সন্তানেরা কী করছি! মা-বাবার শেষকৃত্যেও আমরা অনেকেই থাকছি না। মৃতদেহেও আমাদের করোনা ভয়!

এলাকায় কেউ করোনায় আক্রান্ত হলে তাকে নিয়ে আমাদের ঘৃণা আর তিরস্কারের শেষ নেই। করোনা কোনো পাপের রোগ নয়। আজ যাকে অবহেলায় রক্তাক্ত করছি, বলা তো যায় না আমি-আপনি হয়তো সেই দলে কালকেই অন্তর্ভুক্ত হতে পারি। নিয়তির খেলা কার বোঝার সামর্থ্য আছে। আক্রান্ত মানুষটির পাশে না দাঁড়াতে পারি, মানসিক ভাবে তো তাকে সবল করতে পারি। কারণ মানসিক শক্তি আর ইমিউনিটি এখন আমাদের বেঁচে থাকার অন্যতম সম্বল।

করোনাভাইরাসের মহামারি প্রাদুর্ভাব এখন হয়তো প্রকট। এক সময় আঁধার কেটে আলো আসবেই। আমাদের এই সাময়িক অমানবিকতাগুলো যে ক্ষত তৈরি করছে, তা হয়তো একসময় শুকাবে, তবে দাগ থেকেই যাবে।

পরিশেষে, করোনা মহামারি আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে যাচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে আমরা ঠিকই সামাজিক দূরত্ব (কমপক্ষে ৩ ফুট) মানছি না, তবে বিবেক এবং মানবিকতার পর্যায়ে পারিবারিক আর সামাজিক দূরত্ব খুব মানছি। সময়ই আসল পরীক্ষক, যে কিনা একসময় হয়তো সব হিসাব-নিকাশ পাল্টে দেবে। মানবিকতার সময় চলে যাচ্ছে, যা হয়তো ফিরে পাওয়া কঠিন হবে।

*মাইক্রোবায়োলোজিস্ট