করোনা-পরবর্তী শিক্ষার এখনই সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

আমরা আশাবাদী যে চলমান মহামারি শেষে আমাদের সন্তানেরা পৃথিবীর একটি নতুন গঠন ফিরে পাবে। অনুভব করতে পারবে যে একটি নতুন পৃথিবীর যাত্রা শুরু হতে যাচ্ছে। তাদের অনুভব করার সুযোগ তৈরি করে দিতে হবে এবং তা অবশ্যই করতে হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কুল থেকে।


একটি বিদ্যালয় হলো আদর্শিক স্থান, যেখানে হতে পারে পরিবর্তনের সূচনা। তাই আমরা যখন স্কুলে ফিরে যাব, তখন অবশ্যই সব কিছু পরিবর্তিত হতে হবে। আমাদের ঠিক করতে হবে, প্রশ্ন করতে হবে আমাদের শিক্ষার উন্মেষ কী? চলমান সময় শেষে সঠিক সময় এলে আমাদের শিক্ষানুরাগী বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষক এমনকি অভিভাবকদের এ প্রশ্নের সমাধান খুঁজতে হবে। আমাদের অবশ্যই তৈরি হতে হবে একটি নতুন বাস্তবধর্মী শিক্ষাব্যবস্থায় প্রবেশ করার জন্য, সেখানে শিক্ষার মূল্যায়ন হবে নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে।


আমাদের শিক্ষক, শিক্ষাবিদ এবং নেতৃত্বের পেশাকে প্রশ্নের সম্মুখীন করতে হবে। তারা কী চায়? বা তাদের পেশাদারির মূল্যায়ন বিচার করতে হবে। আমরা এমন একটি ব্যবস্থা চালিয়ে যেতে চাই না বা পারি না, যেখানে শুধু পরীক্ষাই মূল্যায়নের চাবিকাঠি। আমরা সমাজের একটি বিশাল অংশকে/ছাত্রকে বঞ্চিত করতে পারি না শিক্ষার আলো থেকে। যদিও শিক্ষা হলো আমাদের মৌলিক অধিকার। পরীক্ষার নামে আমরা পাস-ফেলের যে মাত্রা নির্ধারণ করছি, তা আদতে মৌলিক অধিকার হিসেবে শিক্ষার গুরুত্ব তুলে ধরছে না। শিক্ষার মূল উদ্দেশ্য যদি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন, তবে শিক্ষিত জনগণের কাছ থেকে সে আচরণ পাওয়া যাচ্ছে না।


বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা মানুষবান্ধব, প্রকৃতিবান্ধব কি না, তা যাচাই করা হচ্ছে না। নৈতিক মূল্যবোধ বিষয়ে বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে কিছু বিষয় থাকে, কিন্তু সেগুলো প্রাত্যহিক জীবনে ব্যবহার করা হচ্ছে কি না, তার তেমন অনুশীলন নেই প্রাতিষ্ঠানিকভাবে। তেমনি প্রকৃতিবিষয়ক জ্ঞান, প্রকৃতি সুরক্ষা বিষয়ে শ্রেণিতে পড়ানো হয়, কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে শিক্ষার্থীদের অনুসন্ধানপূর্বক কোনো সমস্যা সমাধান করতে দেওয়া হয় না। তার পরিবেশের ভেতরে চলমান পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা যদি শিক্ষায় সংযুক্ত হতো, তবে সেটা হতো যথার্থ এবং এটাই তাকে আত্মবিশ্বাসী করত পরবর্তী ধাপগুলোতে।
আদর্শিক বা রাজনৈতিক খেলার বল হিসেবে আমরা শিক্ষা নিয়ে খেলতে পারি না। আমরা এমন একটি লক্ষ্যহীন শিক্ষাব্যবস্থা চালিয়ে যেতে পারি না। শিশু ও কিশোরের মানবিক গুণাবলি বিকাশকে ব্যাহত করে এমন মেয়াদোত্তীর্ণ পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দিতে চাই না। আমাদের অবশ্যই শিক্ষাকে পণ্য হিসেবে খেলা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে প্রতিযোগিতার নামে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে রেষারেষি এবং ফলাফলের শীর্ষে থাকা ইঁদুর দৌড় হতে। এ মহামারিতে সব শ্রেণি, পেশা, জাত, কুল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রকৃতি ফিরে আসছে নিজের সজীব চেহারা নিয়ে। মানুষ প্রকৃতির সন্তান। মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে এ ধরিত্রীর। আজ তার মাশুল দিচ্ছে চরমভাবে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।


আমাদের নিজেদের তৈরি বিভক্ত সমাজব্যবস্থা, সংকীর্ণ ও মানসিকতাই আমাদের পেছনে টেনে ধরছে। একলা ছোটার মানসিকতা, এগিয়ে থাকার দৌড়ে আমাদের দেওয়ার সময় নেই, সময় নেই আমাদের চারপাশ দেখার। ছুটে চলতে গিয়েও থামিয়ে দেয় ছোট একটি ভাইরাস কোভিড-১৯। ভাইরাসের তাণ্ডবে থমকে গেছে পৃথিবী। বিশ্বব্যাপী ঘরবন্দী মানুষের কারণে মানবসৃষ্ট কম্পন কমে গেছে অবিশ্বাস্য হারে। আজ চিন্তা করার সুযোগ দিয়েছে একা নয়, একসঙ্গে চলার। আমাদের ধনী–গরিব বৈষম্য দূর করতে নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। আমাদের ভাবতে হবে যেন বিদ্যালয়ের গণ্ডি পেরোনো একজন শিক্ষার্থী মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে তৈরি হতে পারে। সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যের উপলব্ধির জায়গা থেকে অবদান রাখতে পারে।


প্রতিটি ক্ষেত্রেই মূল্যায়নের মাপকাঠি হবে মানিক মূল্যায়ন। প্রত্যেক শিক্ষার্থীর যুদ্ধ করার আদর্শিক জায়গা হবে তার নৈতিকতা ও মূল্যবোধ। মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে উঠবে আগামী ভবিষ্যতের আশার স্থল। ত্যাগেই সুখ, আত্মসন্তুষ্টির মাত্রা হবে অপরের তরে নিজেকে বিলিয়ে দেওয়া। এ মনোবৃত্তি হয়ে উঠবে প্রতিটি বিদ্যালয়ের লক্ষ্য। সততার চর্চার প্রাতিষ্ঠানিক অবকাঠামো হিসেবে গড়ে উঠবে আমাদের বিদালয়গুলো। বিদ্যালয়গুলো প্রচার করবে নৈতিকতা, সামাজিকতা ও সংবেদনশীলতা। সর্বজনীন মানবিক মূল্যবোধ যেমন সম্মান, সততা, ন্যায়বিচার, সমতা, সমবেদনা, পরার্থপরতা, সংকল্প, মঙ্গল, সহযোগিতা, সহনশীলতা ও সহমর্মিতা হবে মূল্যায়নের মাপকাঠি।


আমাদের শিক্ষার লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করতে হবে। প্রাচীন বাংলার ‘পড়ো সর্দার প্রথা’র মতো শিক্ষার গুরুত্ব-মহত্ত্ব অর্জন করার জন্য। ক্লাসে প্রকৃতি সম্পর্কে জ্ঞানদান নয় বরং প্রকৃতির মাঝে গিয়ে জ্ঞান আহরণের শিক্ষার পদ্ধতির ওপর জোর দিতে হবে। প্রকৃতি সংরক্ষণের জন্য বিদ্যালয়গুলোকে গড়ে তুলতে হবে উদ্যান/পার্ক আকারে। এক একটি বিদ্যালয় হবে প্রকৃতির পাঠশালা। প্রকৃতি কি শুধু আমাদের দিয়েই যাবে, এবার সময় এসেছে প্রকৃতিকে দেওয়ার। প্রকৃতির জ্ঞানকে বাঁচিয়ে রাখার চেষ্টা ও কাজে লাগাতে হবে, আর সেটাই হবে আদর্শিক জায়গা। আমি থেকে আমরা হয়ে ওঠার জন্য হয়তো বা আজকের এ বিপর্যয়, যা থেকে জন্ম নেবে নতুন বিশ্ব। জয় হবে মানবতার। জয় হোক মানবধর্মের।


লেখক: মো. রিশাদ আব্দুল্লাহ, গবেষণা কর্মকর্তা, পরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, আঞ্চলিক শিক্ষা অফিস, ময়মনসিংহ। রিফাৎ জাহান, শিক্ষা পরামর্শক, প্ল্যান্ট কনজারভেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, ময়মনসিংহ। [email protected]