করোনেশন ও মার্চেন্টে শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বগুড়ার ঐতিহ্যবাহী করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন করা হয়েছে। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের শতবর্ষ উৎসবের দুই দিনব্যাপী অনুষ্ঠানসূচির উদ্বোধন করা হয়েছে।গতকাল সকাল আটটায় বগুড়ার করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। নয়টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সার্কাসের হাতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে, নেচে-গেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করেন।বেলা তিনটায় শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা। শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক খাজা সহিদুল হাসানের সভাপতিত্বে স্মৃতিচারণা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বছরের এসএসসি ব্যাচের একজন করে শিক্ষার্থী স্মৃতিচারণা করেন। স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা একটাই দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, ‘১০০ বছর পার করলেও এখনো কোনো সরকার শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারীকরণ করেনি। আমরা চাই, বিদ্যালয়টি সরকারীকরণ করা হোক।’ এরপর উৎসবের ১০০ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে ছিল র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।প্রধান অতিথি বলেন, ‘এই এলাকা যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, সে সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সমাজকে আলোকিত করেছে। যাঁরা এই আলো ছড়ানোর কাজে সহায়তা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই বণিকদের স্বাগত জানাচ্ছি। তাঁদের কারণেই এটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।’স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল হক, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহির রায়হান, ইউএনও অতুল সরকার, পৌরসভার মেয়র বেলাল হোসেন, পৌরসভার সাবেক মেয়র মারুফ বিন হাবিব, প্রাক্তন ছাত্র নূর মোহাম্মদ প্রমুখ। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।