চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া অংশকে নিয়ে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ২০ আগস্ট নির্বাচন হবে। গত ২৮ জুন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী সংশোধিত নির্বাচনী তফসিলে সাক্ষর করেন। এর আগে ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৪ জুলাই, যাচাই-বাছাই ২৬ জুলাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ আগস্ট।
নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আবু ছাইদ বলেন, ‘এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার (পাঁচ ইউনিয়ন পরিষদের) প্রস্তাবিত মোট ভোটকেন্দ্র ৪০টি। এতে চরলক্ষ্যায় সাতটি, চরপাথারঘাটায় নয়টি, বড়উঠানে ১০টি, জুলধায় পাঁচটি ও শিকলবাহা ইউপিতে নয়টি ভোটকেন্দ্র থাকবে। এতে মোট কক্ষসংখ্যা থাকবে ২৪২টি।
এর আগে গত ১৯ জুন নির্বাচন কমিশনারের আদেশক্রমে উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত তফসিলে কর্ণফুলী ইউপি নির্বাচন ৩০ জুলাই ঘোষণা করা হয়েছিল।