চট্টগ্রাম ওয়াসা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াসার কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রামকে বাঁচাতে হলে এই অঞ্চলের প্রধান দুই নদী কর্ণফুলী ও হালদাকে এখনই দূষণমুক্ত করতে হবে। কারণ, চট্টগ্রামের সবকিছুই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ছাড়াও ওয়াসার দুটি পানি শোধনাগার প্রকল্প রয়েছে। অথচ নদী দুটি দূষণ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট উদ্যোগ নেই। সংবাদ সম্মেলনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, কর্ণফুলী নদী সবচেয়ে বেশি দূষিত করে কর্ণফুলী কাগজ কল (কেপিএম)। এই কারখানা এখনই বন্ধ করে দেওয়া দরকার। তিনি বলেন, কেপিএমের কাগজ বিক্রি করে বাংলাদেশ চলে না। তাই এটি বন্ধ করে দিলে দেশের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, কর্ণফুলী নদীর উৎসস্থল কাপ্তাই হ্রদ। সেটি ভরাট হয়ে পানির ধারণক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে কর্ণফুলী বাঁচাতে এখনই কাপ্তাই হ্রদ পরিকল্পিতভাবে খনন করতে হবে। সংবাদ সম্মেলনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নগরে চাহিদার চেয়ে পানি সরবরাহের অপ্রতুলতা তুলে ধরে বলেন, পানিসংকট মোকাবিলার জন্য চট্টগ্রাম ওয়াসা চারটি প্রকল্প গ্রহণ করেছে। আশা করা যায়, ২০৩০ সাল নাগাদ চট্টগ্রামে পানির সংকট থাকবে না। এ সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা ৯০ শতাংশ গভীর নলকূপ বন্ধ করে দেবে। এর পরিবর্তে হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে নগরবাসীর কাছে সরবরাহ করবে। এবারের ওয়াসা সপ্তাহের প্রতিপাদ্য ছিল নিরাপদ পানি ও নাগরিক স্বাস্থ্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, রতন কুমার সরকার, এ টি এম মামুনুর রশিদ, সচিব নন্দদুলাল বণিক, বাণিজ্য ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী ও প্রধান প্রকৌশলী এম এ করিম চৌধুরী।