কর্ণফুলী কাগজকলের জমি দখল করে মার্কেট নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্ণফুলী কাগজকলের (কেপিএম) আঞ্চলিক কার্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নাছের ও ছাত্রদলের সাবেক নেতা আবদুল মান্নান ওই জায়গায় মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করছেন। তাঁরা দাবি করেছেন, এ জমি তাঁদের। তবে কেপিএম বলছে, সম্পূর্ণ অবৈধভাবে তাঁদের জমি দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা ডাক বিভাগের কার্যালয়ের পাশে কেপিএমের কার্যালয় ও রেস্ট হাউস। রেস্ট হাউসের দেয়াল ঘেঁষে ৯ সেপ্টেম্বর থেকে মাটি ভরাট করে দোকান নির্মাণের কাজ শুরু করা হয়। কেপিএমের ৩৮ শতাংশ জায়গা থেকে ১৬ শতাংশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নাছের এবং পরে ২৪ শতাংশ জায়গায় আবদুল মান্নান মাটি ভরাট শুরু করেন। ইতিমধ্যে সেখানে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১০টি নাছেরের আর বাকি দুটি আবদুল মান্নানের।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই জায়গায় মাটি ভরাটের কাজ চলছে। কিছু অংশে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে। ১০-১২ জন শ্রমিক দিয়ে আরও দোকান নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে সাহেব মিয়ার কাছ থেকে ৩৮ শতাংশ জমি কিনে নেয় কেপিএম কর্তৃপক্ষ। ২০০৫ সালে সাহেব মিয়ার কাছ থেকে ১৬ শতাংশ জায়গা কিনে নিয়েছেন বলে দাবি করেন মো. নাছের। পরবর্তীকালে ওই জমি নিয়ে নাছের রাঙামাটি জেলা জজ আদালতে মামলা করেন। কেপিএম কর্তৃপক্ষও পাল্টা মামলা করে। গত ৩০ আগস্ট আদালত নাছেরের করা মামলা খারিজ করে দিয়েছেন। আর কেপিএমের করা মামলায় আদালত কেপিএমের পক্ষে রায় দিয়েছেন। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত জানান, কেপিএম কর্তৃপক্ষের জায়গায় মাটি ভরাট করে দোকান নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। মো. নাছের বলেন, ‘মামলায় আমার পক্ষে রায় হয়েছে। সে জন্য আমি মাটি ভরাট করে দোকান নির্মাণ করছি। কিছু জায়গা বিক্রিও করেছি। আবদুল মান্নান দাবি করেন, ওই ২৪ শতাংশ জায়গা তাঁর বাবা সাহেব মিয়ার।’কেপিএমের ব্যবস্থাপক মানিক আলয় বড়ুয়া বলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য আমি জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানিয়েছি। সম্পূর্ণ অবৈধভাবে এসব দোকান নির্মাণ করা হচ্ছে।’ ইউএনও মো. বশিরুল হক ভুঁইয়া বলেন, ‘কেপিএম কর্তৃপক্ষের কাছ থেকে একটা উচ্ছেদের আবেদন পেয়েছি। আদালত নাছেরের মামলা খারিজ করে যে রায় দিয়েছেন এবং কেপিএমের পক্ষে যে রায় দিয়েছেন, তার কপি আমরা পেয়েছি। দুই পক্ষকে নিয়ে আগামী ৪ অক্টোবর আলোচনায় বসার জন্য নোটিশ দিয়েছি।’