কর্ণফুলী গ্যাস কোম্পানি গঠনের বিরুদ্ধে রিটের শুনানি আজ
পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে (বিজিএসএল) আলাদা করে বৃহত্তর চট্টগ্রাম এলাকার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে পৃথক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ শুরু হয় ২০০৩ সালে। দীর্ঘ সাত বছর পর কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেয় সরকার। কিন্তু কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি রমিজ খানসহ তিনজন চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে হাইকোর্টে কর্ণফুলী গ্যাস কোম্পানির বিরুদ্ধে রিট করেন। আজ রোববার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।রমিজ খান প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী গ্যাস কোম্পানি গঠিত হলে বিজিএসএল পঙ্গু হয়ে যাবে। গেজেট অনুযায়ী কর্ণফুলী কোম্পানি গঠনের পাশাপাশি তিতাস গ্যাসের একটি অংশ বাখরাবাদে যুক্ত করার কথা। কিন্তু তা না করে কর্ণফুলী গ্যাস কোম্পানি বাস্তবায়ন করা হচ্ছে। তাই জনস্বার্থে আমরা এ মামলা করেছি।’বাখরাবাদ ও কর্ণফুলী গ্যাস কোম্পানি নিয়ে দ্বন্দ্বের কারণে বর্তমানে প্রায় ১০ হাজার আবাসিক গ্রাহক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এক বছর আগে আবেদন করার পরও তাঁরা সংযোগ পাচ্ছেন না। কোম্পানি আলাদা না হওয়ায় গ্যাসের সংযোগ দেওয়ার সরঞ্জাম কেনাও বন্ধ রয়েছে।বাখরাবাদ গ্যাস সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে বাখরাবাদ গ্যাস কোম্পানি গড়ে ওঠে। এর প্রধান কার্যালয় করা হয় কুমিল্লায়। কিন্তু রাজস্বের প্রায় ৯২ শতাংশই আদায় হয় চট্টগ্রাম থেকে। সদর কার্যালয় চট্টগ্রাম থেকে ১৮০ কিলোমিটার দূরে হওয়ায় গ্রাহকেরা নানা হয়রানির অভিযোগ তোলেন। ২০০৩ সালে চট্টগ্রামে আলাদা গ্যাস কোম্পানি গঠনের দাবি ওঠে।