কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রথম ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সমন্বয়ক মো. সানোয়ার হোসেন চৌধুরীকে এই প্রতিষ্ঠানের প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পেট্রোবাংলা। গতকাল বৃহস্পতিবার তাঁকে এই পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। পেট্রোবাংলা সূত্র জানায়, তাঁর এ নিয়োগের মাধ্যমে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) ভেঙে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আলাদা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। নতুন পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সানোয়ার হোসেন চৌধুরী। এর আগে তিনি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ১৩ আগস্ট চট্টগ্রামে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের এক বৈঠকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনুমোদন দেওয়া হয়। গত ৪ নভেম্বর সানোয়ার হোসেন চৌধুরীকে কর্ণফুলীর সমন্বয়ক নিয়োগ করে পেট্রোবাংলা। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে। চট্টগ্রাম নগরের ষোলশহরে অবস্থিত বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের বর্তমান কার্যালয় থেকেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যক্রম চালানো হবে।