নিয়োগে দুর্নীতির মামলা
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সাবেক এমডিসহ তিনজনকে দুদকের জিজ্ঞাসাবাদ
পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক আবদুস সোবহান দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বলে দুদক সূত্র বলেছে।
গতকাল যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা হলেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামিল আহমেদ আলীম, কোম্পানির সাবেক সচিব ও বর্তমান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমির হামজা ও সাবেক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। এ তিনজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
চলতি বছরের মাঝামাঝি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য দুই আসামি হলেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সাবেক এমডি সানোয়ার হোসেন ও মহাব্যবস্থাপক চৌধুরী আহসান হাবীব। এ দুজনকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, জনবল নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমতি নেওয়া হয়নি। কোম্পানির মহাব্যবস্থাপকের নেতৃত্বে কমিটির নিয়োগ-সংক্রান্ত সভায় তিনটি পদের জন্য ৩১টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জনকে। নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা এবং নারী কোটা যথাযথভাবে মানা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকলেও কম্পিউটার অপারেটর পদের মূল্যায়নে অভিজ্ঞতার জন্য কোনো নম্বর দেওয়া হয়নি।