কর্ণফুলী গ্যাসফিল্ডের সাবেক এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
কর্ণফুলী গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপরিচালক ঋত্বিক সাহা আজ সোমবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ মামলা করেন।
যাঁদের বিরুদ্ধে মামলার হয়েছে তাঁরা হলেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সাবেক এমডি সানোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির সাবেক সচিব ও বর্তমান উপমহাব্যবস্থাপক আমির হামজা, সাবেক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (প্রশাসন) চৌধুরী আহসান হাবীব এবং সাবেক এমডি জামিল আহমেদ আলীম।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ফিল্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতির বিষয়ে গত বছরের শুরুর দিকে অনুসন্ধান শুরু করে দুদক। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের বিরুদ্ধেই ছিল মূল অভিযোগ। দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে হোসেন মনসুরের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত তাঁকে অব্যাহতি দেয় কমিশন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। কোম্পানির মহাব্যবস্থাপকের নেতৃত্বে কমিটির নিয়োগসংক্রান্ত সভায় তিনটি পদের জন্য ৩১টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জন। নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা এবং নারী কোটা যথাযথভাবে মানা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকলেও কম্পিউটার অপারেটর পদের মূল্যায়নে অভিজ্ঞতার জন্য কোনো নম্বর দেওয়া হয়নি। জনবল নিয়োগের ক্ষেত্রে আগের নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য ৫০ নম্বর, মৌখিক পরীক্ষায় ১৫ আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩৫ নম্বর নির্ধারিত ছিল।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে নীতিমালা পরিবর্তন করে লিখিত পরীক্ষার ক্ষেত্রে ৪০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ১৫ ও মৌখিক পরীক্ষার জন্য ৩৫ নম্বর নির্ধারণ করে নতুন নীতিমালায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মেধাবী প্রার্থীরা লিখিত পরীক্ষায় ৪০ নম্বর পেয়েও চাকরি পাননি। পছন্দের প্রার্থীরা লিখিত পরীক্ষায় ১৫-২০ নম্বর, মৌখিক পরীক্ষায় ৩৫ নম্বর পেয়েও চাকরি পেয়েছেন।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘জ্বালানি খাতে দুর্নীতির শিরোমণি অধ্যাপক হোসেন মনসুর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে দুদক প্রথম বিষয়টি আমলে নেয়। যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২০১৪ সালের শুরুর দিকে উপপরিচালক মো. আহসান আলীকে হোসেন মনসুর এবং পেট্রোবাংলার ১৩টি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের দায়িত্ব দেয়। এরপর আহসান আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গত ১৩ এপ্রিল সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে দায়িত্ব দেয় কমিশন। অনুসন্ধান শেষে আবদুস সালাম পেট্রোবাংলার হোসেন মনসুরসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। কমিশন প্রতিবেদনটি আমলে না নিয়ে তাঁকেও অনুসন্ধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে অভিযোগটি নতুনভাবে অনুসন্ধানের জন্য উপপরিচালক ঋত্বিক সাহা ও সহকারী পরিচালক আল-আমিনকে দেওয়া হয়। এ দুই কর্মকর্তার যৌথ প্রতিবেদনে হোসেন মনসুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত পেট্রোবাংলার সাবেক এ চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়।